স্বাস্থ্য পরীক্ষার জন্য সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ সন্ধ্যায় স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাচ্ছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, আজ বুধবার (১৮ জুন) সন্ধ্যা ৬টায়, গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হবেন বেগম জিয়া।
খালেদা জিয়া সম্প্রতি যুক্তরাজ্যে দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফিরে আসেন। উন্নত চিকিৎসার উদ্দেশ্যে তিনি গত ৭ জানুয়ারি রাতে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন এবং ৮ জানুয়ারি বিকেলে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান। সেখানে তাকে সরাসরি লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়।
সেখানে ১৭ দিন হাসপাতালে থাকার পর, তাকে বড় ছেলে তারেক রহমানের লন্ডনের বাসায় স্থানান্তর করা হয় এবং বাকী সময় তিনি সেখানে থেকেই চিকিৎসা গ্রহণ করেন। প্রায় চার মাস (মোট ১১৭ দিন) যুক্তরাজ্যে অবস্থানের পর গত ৬ মে ঢাকায় ফেরেন সাবেক এই প্রধানমন্ত্রী।
বিএনপি নেতারা জানান, লন্ডন থেকে ফেরার পর বেগম জিয়ার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবেই আজকের এই হাসপাতাল ভিজিট। তিনি আগে থেকেই জটিল লিভার ও কিডনি সমস্যাসহ নানা দীর্ঘমেয়াদি রোগে ভুগছেন, যার জন্য নিয়মিত মেডিকেল চেকআপ প্রয়োজন।


