শাকিবের সিনেমায় এবার হলিউডের নায়িকা ও ভিলেন!

বিনোদন
শাকিবের সিনেমায় এবার হলিউডের নায়িকা ও ভিলেন!
নিউজ ডেস্ক
২২ জুন ২০২৫

ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমা প্রেক্ষাগৃহে দারুণ সাড়া ফেলেছে। ছবিটি নিয়ে দর্শকদের উৎসাহ এখনো অব্যাহত। এরই মধ্যে তার ভক্তদের জন্য এল নতুন চমক—ঢালিউড সুপারস্টার শাকিব খান এবার যাচ্ছেন আন্তর্জাতিক মঞ্চে।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ‘এম আর নাইন’ খ্যাত আসিফ আকবর পরিচালিত নতুন একটি বড় বাজেটের ক্রাইম থ্রিলার সিনেমাতে অভিনয় করতে যাচ্ছেন শাকিব খান। সিনেমার ধারণা ও প্রাথমিক গল্প ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে। বর্তমানে চলছে চিত্রনাট্যের কাজ। সবকিছু ঠিকঠাক থাকলে, আগামী মাসে যুক্তরাষ্ট্রে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

এ ছবিতে শাকিবের বিপরীতে থাকবেন দুই নায়িকা—একজন বাংলাদেশি এবং অন্যজন হলিউডের পরিচিত মুখ। পাশাপাশি, সিনেমাটির প্রধান খলনায়ক চরিত্রেও থাকছেন একজন হলিউড অভিনেতা। নির্মাতাদের ভাষ্য, এবার কোনো নামসর্বস্ব নয়, আসছে বাস্তব চমক।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, এই প্রজেক্ট বাস্তবায়িত হলে শাকিব খানের ক্যারিয়ার যেমন নতুন উচ্চতায় উঠবে, তেমনি বাংলাদেশি সিনেমাও পাবে একটি আন্তর্জাতিক ব্রেকথ্রু।

অন্যদিকে, ‘তাণ্ডব’ সিনেমার সিকুয়েল নিয়ে ইতোমধ্যেই কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন পরিচালক রায়হান রাফী। একই সঙ্গে শাকিব খানকে ঘিরে আরও কয়েকটি সিনেমা তৈরির গুঞ্জনও চলছে।

সম্প্রতি সেনাবাহিনীর অফিসার লুকে শাকিব খানের একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। ধারণা করা হচ্ছে, এটি তরুণ নির্মাতা সাকিব ফাহাদ পরিচালিত একটি নতুন সিনেমার লুক। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।