দীর্ঘ বিরতির পর দেশে ভোটার হলেন জুবাইদা রহমান, পেলেন স্মার্টকার্ড
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান দীর্ঘদিন পর দেশের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। সম্প্রতি তিনি জাতীয় পরিচয়পত্রের স্মার্টকার্ড সংগ্রহ করেছেন বলে নিশ্চিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি কর্মকর্তাদের বরাতে জানা গেছে, চলমান বাড়ি বাড়ি ভোটার হালনাগাদ কার্যক্রমের আওতায় তার তথ্য সংগ্রহ করা হয় এবং নিবন্ধন কার্যক্রম শেষ করা হয়েছে। যদিও হালনাগাদ প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত তার নাম চূড়ান্ত ভোটার তালিকায় প্রকাশ পাবে না।
নথি অনুযায়ী, ডা. জুবাইদা রহমান ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসা ঠিকানায় ভোটার হচ্ছেন। তবে তার স্থায়ী ঠিকানা হিসেবে ধানমন্ডি আবাসিক এলাকা উল্লেখ রয়েছে।
ছবিসহ ভোটার তালিকা কার্যক্রম যখন ২০০৮ সালে শুরু হয়, তখন তারেক রহমানের সঙ্গে যুক্তরাজ্যে অবস্থান করায় ডা. জুবাইদা সে সময় ভোটার হতে পারেননি। চলতি বছরের ৬ মে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরে এলেও ৫ জুন ফের লন্ডনে ফিরে যান তিনি। তবে এর মাঝেই ইসি কর্মকর্তারা গিয়ে তার তথ্য সংগ্রহ করেন।
ইসি সচিব আখতার আহমেদ জানান, “তথ্য সংগ্রহ ও প্রাথমিক নিবন্ধন প্রক্রিয়া শেষ হয়েছে। স্মার্টকার্ড সরবরাহ করা হয়েছে। এখন হালনাগাদ তালিকায় তার নাম যুক্ত হবে নিয়ম অনুযায়ী।”


