হরমুজ প্রণালিতে উত্তেজনা: নিরাপত্তা শঙ্কায় পথ বদলাচ্ছে ট্যাংকারগুলো
মার্কিন বিমান হামলার পর মধ্যপ্রাচ্যে নতুন করে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ। ইরানের সম্ভাব্য প্রতিশোধের আশঙ্কায় বিশ্বের গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট হরমুজ প্রণালি এড়িয়ে চলছে জ্বালানি ও কেমিক্যালবাহী ট্যাংকারগুলো।
বিশ্বখ্যাত জাহাজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম ‘মেরিন ট্রাফিক’ জানিয়েছে, অন্তত তিনটি বড় ট্যাংকার হরমুজের প্রবেশমুখ থেকে গন্তব্য পরিবর্তন করেছে।
-
মার্শাল আইল্যান্ডসের পতাকাবাহী ‘মেরি সি’ এবং
-
পানামার পতাকাবাহী ‘রেড রুবি’
এই দুটি ট্যাংকার হরমুজ প্রণালির দিকে অগ্রসর হলেও শেষপর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ উপকূলে নোঙর ফেলেছে।
এছাড়া, যুক্তরাজ্যের পতাকাবাহী ‘কোহজান মারু’ ট্যাংকারটি হরমুজে প্রবেশ না করে ওমান উপসাগরে অবস্থান করছে বলে মেরিন ট্রাফিক জানিয়েছে।
ঘটনাচক্রে, ইরানের পার্লামেন্ট সম্প্রতি হরমুজ প্রণালি বন্ধের সম্ভাব্য সিদ্ধান্তে সম্মতি দিয়েছে। যদিও চূড়ান্ত বাস্তবায়নের ক্ষমতা ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের হাতে।
বিশ্লেষকদের মতে, বিশ্বের প্রায় ২০% জ্বালানি তেল পরিবাহিত হয় হরমুজ প্রণালির মাধ্যমে। এই রুটে অচলাবস্থা তৈরি হলে বৈশ্বিক তেল সরবরাহ চেইন ভেঙে পড়ার ঝুঁকি রয়েছে।
বিশেষ করে মার্কিন বাহিনী ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা বাড়লে এই রুট হয়ে উঠতে পারে সংঘাতের সরাসরি ময়দান।
এদিকে, গ্লোবাল শিপিং কোম্পানিগুলো তাদের জাহাজগুলোকে হরমুজ অঞ্চলে প্রবেশ না করার পরামর্শ দিচ্ছে। নিরাপত্তার স্বার্থে অঞ্চলটি ‘হাই-রিস্ক জোন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।


