রাজস্ব নীতি নিয়ে জটিলতা: আলোচনার টেবিলে বসছেন অর্থ উপদেষ্টা ও কর-কাস্টমস ক্যাডার

রাজস্ব নীতি নিয়ে জটিলতা: আলোচনার টেবিলে বসছেন অর্থ উপদেষ্টা ও কর-কাস্টমস ক্যাডার
নিউজ ডেস্ক
২৫ জুন ২০২৫

রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা পৃথকীকরণ সংক্রান্ত অধ্যাদেশ নিয়ে চলমান অস্থিরতা নিরসনে বিসিএস (কর) ও বিসিএস (কাস্টমস ও এক্সাইজ) ক্যাডারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসছেন অর্থ উপদেষ্টা। বৃহস্পতিবার (২৬ জুন) বিকেল ৫টায় অর্থ মন্ত্রণালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

বুধবার অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩১ জুলাইয়ের মধ্যে অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধনী আনার লক্ষ্যে এ আলোচনার আয়োজন। সরকারের প্রত্যাশা, এ বৈঠকের মাধ্যমে ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সবার ঐকমত্যে একটি টেকসই সমাধানে পৌঁছানো সম্ভব হবে।

দীর্ঘদিন ধরে সুশীল সমাজ, অর্থনীতিবিদ ও উন্নয়ন সহযোগীরা রাজস্ব নীতি ও বাস্তবায়ন কার্যক্রম পৃথক করার পরামর্শ দিয়ে আসছিলেন। সরকারের অন্তর্বর্তী প্রশাসন বিষয়টির গুরুত্ব অনুধাবন করে ২০২৩ সালের অক্টোবরে একটি পরামর্শক কমিটি গঠন করে। ওই কমিটির সুপারিশ অনুযায়ী প্রস্তুত করা ‘রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫’ চলতি বছরের ১২ মে রাষ্ট্রপতির অনুমোদনে জারি হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তবে এই অধ্যাদেশ জারির পর থেকেই এনবিআরের কর্মকর্তারা বিরোধিতা করে আন্দোলনে নামেন। তারা দাবি করেন, এতে তাদের কর্তৃত্ব ও প্রশাসনিক কাঠামো ক্ষতিগ্রস্ত হবে।

গত ২০ মে অর্থ উপদেষ্টার সভাপতিত্বে একটি বৈঠকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ১৩ প্রতিনিধি অংশ নেন। সেখানে সংশোধনী আনার প্রতিশ্রুতি দিলে আন্দোলন সাময়িক স্থগিত হয়। পরবর্তীতে ২৫ মে অর্থ মন্ত্রণালয় ৩১ জুলাইয়ের মধ্যে সংশোধনের ঘোষণা দেয়।

কিন্তু ২২ জুন থেকে এনবিআর কর্মকর্তারা আবারো আন্দোলন শুরু করলে সরকার বিষয়টি পুনরায় আলোচনার মাধ্যমে সমাধানের সিদ্ধান্ত নেয়।

অর্থ উপদেষ্টা এক বিবৃতিতে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদেরকে দপ্তরে অবস্থান করে বছরের শেষ সময়ে রাজস্ব আহরণে মনোযোগী হওয়ার অনুরোধ জানিয়েছেন। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সব পক্ষের অংশগ্রহণে চলমান আলোচনায় সহজ-সরল ও কার্যকর কাঠামো গড়ে তোলাই এখন মূল লক্ষ্য।