‘মব নয়, এটা নিপীড়নের বিরুদ্ধে চাপ’—প্রেস সচিব শফিকুল আলম
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, “যাকে অনেকে ‘মব’ বলছেন, আমি তা বলছি না। এটি ১৫ বছর ধরে নিপীড়নের শিকার হওয়া মানুষের ক্ষোভ ও চাপের বহিঃপ্রকাশ।”
বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘গণমাধ্যমের স্বাধীনতা: সাংবাদিকদের সুরক্ষা ও আইন বিশ্লেষণ’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
শফিকুল আলম বলেন, “পূর্ববর্তী সরকার শেখ হাসিনার আমলে আমরা দেখেছি গণমাধ্যমে একক কর্তৃত্ব। তখন সাংবাদিকদের মুখ বন্ধ করতে প্রশাসনিক, সামাজিক ও অর্থনৈতিক চাপ দেওয়া হতো। আমরা চাই না এই ধরনের পরিস্থিতি আমাদের সময় পুনরাবৃত্তি হোক।”
তিনি আরও জানান, অতীতে সাংবাদিকদের উপর ডিবি, সিটিটিসি ও গোয়েন্দা সংস্থার মাধ্যমে চাপ প্রয়োগ করা হতো। “আমরা কাউকে গ্রেপ্তার করছি না বরং ভুল তথ্য তুলে ধরলে সংশ্লিষ্ট সাংবাদিকদের জানিয়ে দিচ্ছি। ইতোমধ্যে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা হয়েছে,” বলেন তিনি।
বিগত সরকারের সময় কিছু সাংবাদিক দলীয়করণে উপকৃত হয়েছেন অভিযোগ করে শফিকুল আলম বলেন, “কিছু সাংবাদিকের ব্যাংক অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। তারা আজও তাঁদের দায়িত্বহীন ভূমিকার জন্য দুঃখ প্রকাশ করেননি।”
তিনি আরও দাবি করেন, ২০২৪ সালের ২৮ জুলাই কিছু সাংবাদিক শেখ হাসিনাকে ‘মানুষ হত্যার উসকানি’ দিয়েছেন। তাদের কেউ কেউ এখন নতুন সরকারের কাছ থেকে আবারও সুবিধা আদায়ের চেষ্টা করছেন বলেও মন্তব্য করেন তিনি।
শফিকুল আলম আশ্বাস দিয়ে বলেন, “এই সরকার সাংবাদিকদের কোনো ভয়ভীতি বা দমন নীতিতে বিশ্বাস করে না। বরং সমালোচনার মধ্য দিয়েই গণতন্ত্র শক্তিশালী হয়।”


