ড. ইউনূসকে তারেক রহমানের জন্মদিনের শুভেচ্ছা, কেক ও ফুল পাঠাল বিএনপি
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ৮৫তম জন্মদিনে বিএনপির পক্ষ থেকে ফুল ও কেক পাঠানো হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পাঠানো এই শুভেচ্ছা বার্তায় ড. ইউনূসের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের কামনা জানানো হয়।
শনিবার (২৮ জুন) সন্ধ্যা ৬টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা ও কেক পৌঁছে দেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার। উপদেষ্টার পক্ষে উপহার গ্রহণ করেন তার সামরিক সচিব মেজর জেনারেল (অব.) ফেরদৌসি হাসান সেলিম।
এ সময় ড. ইউনূসের পক্ষ থেকে জানানো হয়, তিনি বিএনপির এই সৌজন্যমূলক শুভেচ্ছাকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা ও সম্মানের সঙ্গে গ্রহণ করেছেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ‘তারেক রহমান সবসময়ই দেশের নেতৃত্বশীল ব্যক্তিদের প্রতি সম্মান প্রদর্শন করেন। এই শুভেচ্ছা তারই বহিঃপ্রকাশ।’
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এমন সময়ে এই সৌজন্যমূলক বার্তা বিএনপির পক্ষ থেকে পাঠানো হলো, যখন দেশের রাজনীতিতে সংলাপ ও সমঝোতার বার্তা বারবার উঠে আসছে। অনেকেই এটিকে রাজনৈতিক শালীনতার ইতিবাচক উদাহরণ হিসেবে দেখছেন।


