সৌদি-ইরান সামরিক কূটনীতি: নতুন সামরিক প্রধানকে ফোন করলেন সৌদি প্রতিরক্ষামন্ত্রী

সৌদি-ইরান সামরিক কূটনীতি: নতুন সামরিক প্রধানকে ফোন করলেন সৌদি প্রতিরক্ষামন্ত্রী
নিউজ ডেস্ক
২৯ জুন ২০২৫

মধ্যপ্রাচ্যের দুই ঐতিহ্যবাহী প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র সৌদি আরব ও ইরানের মধ্যে সামরিক পর্যায়ে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান রোববার ফোনে কথা বলেছেন ইরানের সদ্য নিযুক্ত সামরিক বাহিনী প্রধান মেজর জেনারেল আবদুর রহিম মুসাভির সঙ্গে।

দুই দেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা — সৌদি প্রেস এজেন্সি (SPA) ও ইরানের মেহের নিউজ — নিশ্চিত করেছে, এই ফোনালাপটি মুসাভির উদ্যোগে অনুষ্ঠিত হয়। আলোচনায় তারা দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা, আঞ্চলিক নিরাপত্তা এবং যুদ্ধ-পরবর্তী স্থিতিশীলতা বজায় রাখার প্রস্তাবনাগুলো পর্যালোচনা করেন।

এই সংলাপ এমন সময় অনুষ্ঠিত হলো, যখন চলমান ইসরায়েল-ইরান যুদ্ধ বিশ্বজুড়ে উদ্বেগের কারণ হয়ে উঠেছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

১৩ জুন শুরু হওয়া ইসরায়েল-ইরান সীমিত যুদ্ধের এক পর্যায়ে নিহত হন ইরানের আগের সামরিক প্রধান মোহাম্মদ হোসেইন বাকেরি। এরপরই দায়িত্ব পান জেনারেল মুসাভি। এখন যুদ্ধবিরতির পর ধীরে ধীরে প্রকাশ্যে আসছে নানা চাঞ্চল্যকর তথ্য।

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের রাজধানী তেল আবিবে আইডিএফ সদর দপ্তরের নিকটবর্তী ৩২-তলা একটি আবাসিক ভবনে আগুন ধরে যায়, যা এতদিন গোপন রাখা হয়েছিল। ইসরায়েলি কর্তৃপক্ষ এই তথ্য প্রকাশে অনিচ্ছুক ছিল নিরাপত্তা ও ক্যালিব্রেশন উদ্বেগের কারণে।

বিশ্লেষকরা বলছেন, চীন-মধ্যস্থতায় ইরান ও সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক করার যে প্রক্রিয়া চলছে, এই সামরিক পর্যায়ের ফোনালাপ সেই প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করতে পারে। দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে শত্রুতা ও প্রতিদ্বন্দ্বিতা চললেও বর্তমানে একটি বাস্তববাদী সম্পর্কের দিকে এগোচ্ছে তারা।