“আওয়ামী লীগ বিলুপ্তির পথে”—জাতীয় প্রেসক্লাবে বিএনপি নেতার মন্তব্য

রাজনীতি
“আওয়ামী লীগ বিলুপ্তির পথে”—জাতীয় প্রেসক্লাবে বিএনপি নেতার মন্তব্য
নিউজ ডেস্ক
৪ জুলাই ২০২৫

জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়া রাজনৈতিক দল কখনোই টিকে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন। তার দাবি, “আওয়ামী লীগ ভুল রাজনীতি ও লুটপাটের মাধ্যমে নিজেদের বিলুপ্তির পথে ঠেলে দিয়েছে।”

শুক্রবার (৪ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘আওয়ামী দোসরদের গ্রেফতার এবং নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরির’ দাবিতে অনুষ্ঠিত এক প্রতীকী তারুণ্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. রিপন বলেন, “১৭ বছর ধরে আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আন্দোলন চলছে। আর ৫ আগস্ট আমাদের বিজয়ের প্রতীক হয়ে থাকবে, যেদিন মানুষ মুক্তি, ন্যায়বিচার ও গণতন্ত্রের আশার আলো খুঁজে পেয়েছিল।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি অভিযোগ করেন, বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে প্রশাসনের কর্মকর্তারা ভোট কারচুপিতে সহায়তা করেছেন। “ডিসি, এসপি, ইউএনওদের দিয়ে দিনের ভোট রাতে করানো হয়েছে,” বলেন রিপন। “এইসব বিতর্কিত কর্মকর্তা ও নির্বাচনী কারচুপির হোতাদের আইনের আওতায় আনতে হবে।”

২০০৮ সালের নির্বাচন প্রসঙ্গে ড. রিপন বলেন, “১/১১ এর ষড়যন্ত্রের লক্ষ্য ছিল বাংলাদেশকে ভারতের করদ রাজ্যে পরিণত করা। সেই পরিকল্পনারই ধারাবাহিকতায় শেখ হাসিনার একচ্ছত্র শাসন প্রতিষ্ঠিত হয়েছে।”

তিনি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেন, “চাকরি রক্ষার নামে অনিয়ম, ঘুষ আর বিদেশে অর্থ পাচার করা চলবে না। বিচারহীনতার এই সংস্কৃতি বন্ধ করতে হবে।”

সমাবেশে সভাপতিত্ব করেন তৃণমূল নাগরিক আন্দোলনের সভাপতি মফিজুর রহমান লিটন। উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বুলু ও নেত্রী রহিমা শিকদার।