ইতালিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণ, পুলিশ-দমকলসহ আহত অন্তত ২৭

ইতালিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণ, পুলিশ-দমকলসহ আহত অন্তত ২৭
নিউজ ডেস্ক
৪ জুলাই ২০২৫

ইতালির রাজধানী রোমে একটি পেট্রল স্টেশনে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছে পুরো এলাকা। শুক্রবার সকালে ঘটে যাওয়া এই ঘটনায় অন্তত ২৭ জন আহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছেন ১০ জন পুলিশ সদস্য ও একজন দমকলকর্মী।

রোমের পূর্বাঞ্চলীয় প্রেনেস্তিনো এলাকায় স্থানীয় সময় সকাল ৮টার দিকে বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের শব্দ এতটাই তীব্র ছিল যে পার্শ্ববর্তী এলাকাগুলোর বাসিন্দারা ভয় পেয়ে রাস্তায় নেমে আসেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে আকাশজুড়ে ধোঁয়ার কুণ্ডলী ও আগুনের বিশাল শিখা দেখা গেছে।

স্থানীয় স্বাস্থ্য বিভাগের বরাতে জানা গেছে, আহতদের মধ্যে আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক, যারা বর্তমানে ভেন্টিলেশনে আছেন। আহতদের মধ্যে রয়েছেন একটি পেট্রল পাম্পের ম্যানেজারসহ ১৬ জন বেসামরিক নাগরিক।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, একটি বড় গ্যাস সরবরাহকারী ট্রাক স্টেশনের পাইপলাইনে ধাক্কা দিলে গ্যাস লিক হয়। এরপর দ্রুত আগুন ধরে বিস্ফোরণ ঘটে। সে সময় সেখানে ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স কর্মীরাও উপস্থিত ছিলেন।

এই মর্মান্তিক ঘটনায় রোমের ধর্মীয় প্রধান পোপ লিও চতুর্দশ এক্স সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, “আমার প্রার্থনা এবং সহমর্মিতা রইল আহতদের প্রতি। এই বিপর্যয়ের মুহূর্তে পুরো ধর্মপ্রদেশ তাদের পাশে রয়েছে।”

ইতালির কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। তবে প্রাথমিকভাবে এটিকে দুর্ঘটনা হিসেবে দেখছে পুলিশ।