“গণঅভ্যুত্থান স্মরণে জামায়াতের জাতীয় সমাবেশ ১৯ জুলাই”

রাজনীতি
“গণঅভ্যুত্থান স্মরণে জামায়াতের জাতীয় সমাবেশ ১৯ জুলাই”
নিউজ ডেস্ক
৮ জুলাই ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “ছাত্র ও জনতার রক্ত-ঘামে অর্জিত ২০২৪ সালের গণঅভ্যুত্থান দেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। এ ঘটনার প্রতি সম্মান জানিয়ে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যেই ১৯ জুলাই জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে।”

মঙ্গলবার (৮ জুলাই) সকালে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় সমাবেশ বাস্তবায়ন কমিটির বিশেষ বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “জুলাই-আগস্টের আন্দোলন শুধু রাজনৈতিক কর্মসূচি ছিল না, বরং তা ছিল ন্যায়বিচার ও গণতন্ত্রের পক্ষে ছাত্র-জনতার আত্মত্যাগের প্রতিফলন। সেই আন্দোলনের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথ হলো জামায়াতের সাত দফা দাবি। এই সমাবেশ কেবল রাজনৈতিক আনুষ্ঠানিকতা নয়, এটি একটি জাতীয় দায়িত্ব।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আসন্ন জাতীয় সমাবেশটি আগামী ১৯ জুলাই দুপুর ২টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। বৈঠকে সমাবেশ সফল করার জন্য সাংগঠনিক প্রস্তুতি ও মাঠপর্যায়ের কাজ নিয়ে আলোচনা হয়।
জামায়াতের আমির দেশবাসী ও দলীয় সর্বস্তরের নেতা-কর্মীদের সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

বিশেষ এই বৈঠকে আরও উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নেতা সাইফুল আলম খান মিলন, অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ, মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল ও উত্তরের আমির মো. সেলিম উদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের সেক্রেটারি, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান এবং মালয়েশিয়া ভিত্তিক ইসলামিক দাওয়াহ সার্কেলের সভাপতি অধ্যাপক সাইফুল্লাহ মানসুর।