মিটফোর্ড হত্যাকাণ্ড: ‘বিএনপিকে জড়ানোর চেষ্টা অযৌক্তিক’—রিজভীর অভিযোগ
রাজধানীর মিটফোর্ড হাসপাতাল এলাকায় ঘটে যাওয়া সাম্প্রতিক হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বিএনপিকে জড়ানোর চেষ্টা চলছে—এমন অভিযোগ তুলেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার (১২ জুলাই) মহানগর উত্তরের আয়োজনে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, “মিটফোর্ডের ঘটনায় বিএনপি বা অঙ্গসংগঠনের কেউ জড়িত থাকার প্রমাণ পাওয়া মাত্রই তাদের আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক পরিবার। কোথাও কেউ ব্যক্তিগতভাবে অপরাধে জড়ালে তা দল সমর্থন করে না।”
রিজভী আরও বলেন, “দলের নাম ব্যবহার করে কেউ যদি দুষ্কর্মে লিপ্ত হয়, বিএনপি তার পক্ষ নেয় না। জিয়াউর রহমান যে নীতি দিয়ে বিএনপিকে গড়েছিলেন, সেখানে কোনো সন্ত্রাসীর জায়গা নেই। বিএনপি আইনের শাসনে বিশ্বাসী।”
তিনি আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে বলেন, “যারা অপরাধ করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। বিএনপি তাদের পক্ষে দাঁড়াবে না। আপনারা যদি নিশ্চুপ থাকেন, তাহলে সন্ত্রাস আরও বাড়বে।”
রিজভীর অভিযোগ, “কিছু মহল রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপির ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে। প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে। আমি নিজে ফোন করে বলেছি—অপরাধী যতই প্রভাবশালী হোক, মামলা দিন, গ্রেফতার করুন। কিন্তু তেমন কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না।”
তিনি বলেন, “এমন প্রচার চালিয়ে বিএনপিকে ছোট করা যাবে না। আমরা জনগণের পাশে আছি, এবং সব ধরনের সহিংসতা-সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট।”


