ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বাংলাদেশসহ ২০ দেশের জরুরি সম্মেলন
আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে বাংলাদেশসহ অন্তত ২০টি দেশ কলম্বিয়ার রাজধানী বোগোতায় জরুরি সম্মেলনে বসতে যাচ্ছে। আগামী ১৫ ও ১৬ জুলাই অনুষ্ঠিতব্য এই সম্মেলনের আয়োজক ‘দ্য হেগ গ্রুপ’, যেখানে সহ-আয়োজক হিসেবে থাকছে কলম্বিয়ার সরকার।
এই উচ্চপর্যায়ের সম্মেলনে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালত ও জাতিসংঘ পর্যায়ে সমন্বিত পদক্ষেপ ঘোষণার প্রত্যাশা করা হচ্ছে। আয়োজকরা জানিয়েছেন, সম্মেলনের মূল বার্তা হবে— “কোনো দেশই আইনের ঊর্ধ্বে নয় এবং মানবতা বিরোধী অপরাধের জবাবদিহিতা অপরিহার্য।”
সম্মেলনে অংশ নিচ্ছে আলজেরিয়া, বাংলাদেশ, বলিভিয়া, ব্রাজিল, চিলি, চীন, কিউবা, জিবুতি, হন্ডুরাস, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, লেবানন, মালয়েশিয়া, নামিবিয়া, নিকারাগুয়া, ওমান, পর্তুগাল, স্পেন, কাতার, তুরস্ক, সেইন্ট ভিসেন্ট ও গ্রেনাডিনস, উরুগুয়ে এবং ফিলিস্তিন।
সম্মেলনে জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক বিশেষ কর্মকর্তা ফ্রান্সেসকা আলবানিজ, ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক কমিশনার ফিলিপে লাজ্জারিনি এবং স্বাস্থ্য অধিকার বিষয়ক বিশেষজ্ঞ তলালেং মোফোকেংসহ অনেক উচ্চপদস্থ কূটনৈতিক ও মানবাধিকার বিশেষজ্ঞ উপস্থিত থাকবেন।
দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী রোল্যান্ড লামোলা জানিয়েছেন, সম্মেলনে একটি শক্ত বার্তা দেওয়া হবে: “আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করলে কোনো দেশই দায়মুক্তি পাবে না।”
২০২৪ সালের জানুয়ারিতে নেদারল্যান্ডসে গঠিত ‘দ্য হেগ গ্রুপ’ মূলত আটটি দেশের সমন্বয়ে গঠিত। বলিভিয়া, কলম্বিয়া, কিউবা, হন্ডুরাস, মালয়েশিয়া, নামিবিয়া, সেনেগাল ও দক্ষিণ আফ্রিকা এই জোটের প্রাথমিক সদস্য। তাদের লক্ষ্য আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে যৌথ পদক্ষেপ গ্রহণ করা এবং দায়বদ্ধতা নিশ্চিত করা।
উৎস: দ্য মিডল ইস্ট আই


