জনসভায় অংশ নিতে মানুষ ফজরের নামাজ শেষ করেই যাত্রা শুরু করেছে: গোলাম পরওয়ার
সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার আয়োজিত এক বিশাল জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা দুর্নীতিমুক্ত, মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ার অঙ্গীকার করেছেন। দেশের বিভিন্ন অঞ্চল থেকে লাখো মানুষের ঢল নামে রাজধানীতে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া—সব স্থান থেকে কর্মীরা ঢাকায় ছুটে আসেন।
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, “আজকের জনসভায় অংশ নিতে মানুষ ফজরের নামাজ শেষ করেই যাত্রা শুরু করেছে। অনেকেই মিছিল করে হেঁটে সমাবেশস্থলে পৌঁছেছেন, কারণ যানবাহন ঢুকতে পারছে না।”
জনসভায় নগরজুড়ে সৃষ্টি হওয়া সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেন, “আমরা নগরবাসীর কাছে ক্ষমাপ্রার্থী। তাদের ধৈর্য ও সহনশীলতার জন্য কৃতজ্ঞতা জানাই।”
গত বছরের জুলাই মাসে সংগঠিত আন্দোলনে আহত ও নিহতদের সম্মান জানিয়ে পরওয়ার বলেন, “জুলাইযোদ্ধাদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। আমরা তাদের পুনর্বাসন, চিকিৎসা ও আর্থিক সহায়তা করে যাচ্ছি, এবং এই সহায়তা অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “যদি আমরা রাষ্ট্র পরিচালনার সুযোগ পাই, তাহলে শহীদ ও আহতদের পরিবারকে রাষ্ট্রীয় মর্যাদা, চিকিৎসা ও পুনর্বাসনের পূর্ণ নিশ্চয়তা দেওয়া হবে।”
সমাবেশে ‘জুলাই সনদ’-এর বাস্তবায়নের দাবিও তোলা হয়। জামায়াত নেতাদের মতে, এই সনদ ছাত্র ও জনতার আকাঙ্ক্ষার প্রতীক, এবং এটিকে শুধু রাজনৈতিক ঘোষণা নয়, আইনি ভিত্তি দিয়ে কার্যকর করতে হবে।
এই জনসভা ঘিরে রাজধানীজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং ট্রাফিক ব্যবস্থায় সাময়িক পরিবর্তন আনা হয়।


