সমাবেশে যোগদানের পথে সড়কে প্রাণ গেল জামায়াত নেতার
ঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সম্মেলনে যোগ দিতে গিয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দলটির খুলনা দাকোপ উপজেলার আমির আবু সাঈদ।
শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুখে একটি দাঁড়িয়ে থাকা বাসে পেছন থেকে দ্রুতগামী রয়েল পরিবহনের একটি বাস ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু সাঈদ স্থানীয় একটি মাদ্রাসায় সহকারী শিক্ষক হিসেবেও কর্মরত ছিলেন।
জানা গেছে, দাকোপ উপজেলা জামায়াতের নেতাকর্মীরা চারটি বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন সম্মেলনে অংশ নিতে। পথিমধ্যে ভাঙ্গা হাইওয়ে থানার সামনে এক বিরতিতে তারা থামেন। ওই সময় অনেকেই বাস থেকে নেমে চা-পান ও বিশ্রামের জন্য আশপাশে অবস্থান করছিলেন।
হঠাৎ খুলনা থেকে ঢাকাগামী রয়েল পরিবহনের একটি বাস পেছনের বাসটিকে ধাক্কা দিলে সামনের বাসের সামনে দাঁড়িয়ে থাকা আবু সাঈদ পড়ে গিয়ে মারাত্মকভাবে আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এতে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
দাকোপ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “জামায়াত ইসলামী সম্মেলনে যাওয়ার পথে ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় দাকোপ উপজেলার আমির আবু সাঈদ নিহত হয়েছেন। কয়েকজন আহতের খবরও পাওয়া গেছে।”
ঘটনাস্থল ভাঙ্গা হাইওয়ে থানার ওসি রাকিবুজ্জামান বলেন, “ঘটনাটি আমার জানা নেই, আমি বর্তমানে ছুটিতে আছি।”
দুর্ঘটনাটি হাইওয়ে পুলিশের চোখের সামনে ঘটলেও এমন মন্তব্যে প্রশ্ন তুলেছেন অনেকেই।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে দাকোপসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় জামায়াত নেতারা জানান, আবু সাঈদ ছিলেন একজন নিষ্ঠাবান কর্মী ও শিক্ষক। তার অকাল মৃত্যুতে সংগঠন ও সমাজের অপূরণীয় ক্ষতি হয়েছে।


