নতুন দায়িত্বে মনিরুল ইসলাম
বেবিচকের ফ্লাইট সেফটি পরিচালক প্রত্যাহার !
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশন বিভাগের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. আহসান হাবীবকে পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, গ্রুপ ক্যাপ্টেন আহসান হাবীবকে বেবিচকের দায়িত্ব থেকে সরিয়ে বাংলাদেশ বিমান বাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। তার চাকরি এখন থেকে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত থাকবে।
পদত্যাগকৃত আহসান হাবীবের স্থলাভিষিক্ত হয়েছেন গ্রুপ ক্যাপ্টেন মো. মনিরুল ইসলাম। তিনি প্রেষণে বেবিচকের ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশন বিভাগের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন।
এ লক্ষ্যে তার চাকরি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।
বেবিচকের ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশন বিভাগটি বিমান চলাচলের নিরাপত্তা ও নিয়মনীতির গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত। সম্প্রতি বিমান চলাচল সংশ্লিষ্ট বেশ কিছু দুর্ঘটনা ও অনিয়ম নিয়ে প্রশ্ন ওঠার প্রেক্ষাপটে এই পদে রদবদলকে তাৎপর্যপূর্ণ মনে করছেন সংশ্লিষ্টরা।


