জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারদের সঙ্গে এনসিপি নেতাদের মতবিনিময়, বিচার দাবিতে নতুন আশ্বাস
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউসে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলামসহ অন্য শীর্ষ নেতারা।
মতবিনিময়কালে শহীদ পরিবারের সদস্যরা তাদের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরেন এবং বিচার না পাওয়ার অভিযোগ করেন। শহীদ হোসাইনের মা মালেকা বেগম বলেন, “আমার ছেলে হত্যার বিচার চাই। মামলা করেছি, কিন্তু আসামিরা ধরাছোঁয়ার বাইরে। নাহিদ ভাইয়ের কাছে সহযোগিতা চেয়েছি, তিনি আশ্বাস দিয়েছেন।”
আশুলিয়ায় নিহত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বিটঘর গ্রামের সন্তান তানজিল মাহমুদ সুজয়ের বোন ইশরাত জাহান এ্যানি বলেন, “আমার ভাই নেই, কিন্তু নাহিদ ভাইকে ভাইয়ের মতো দেখি। তিনি আমার ভাইয়ের সহযোদ্ধা ছিলেন। আমরা তার কাছ থেকে ন্যায়ের আশ্বাস পেয়েছি।”
এনসিপি নেতারা মতবিনিময় শেষে শহরের কাউতলী মোড় থেকে পদযাত্রা শুরু করেন। পদযাত্রাটি শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে পৌর মুক্তমঞ্চ চত্বরে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এরপর নেতারা হবিগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করেন।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই মতবিনিময় ও পদযাত্রার মূল উদ্দেশ্য শহীদ ও নিপীড়িত পরিবারগুলোর পাশে দাঁড়ানো এবং ন্যায়বিচারের দাবি রাষ্ট্রের কাছে পৌঁছে দেওয়া।


