মনোনয়ন নিয়ে অন্তর্দ্বন্দ্ব: ঐক্য ফেরাতে মাঠে নামছে বিএনপি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দলের ভেতরে চলমান দ্বন্দ্ব ও মনোনয়নপ্রত্যাশীদের গ্রুপিং ঠেকাতে সক্রিয় হয়েছে। পাশাপাশি তিন মাসব্যাপী রাজনৈতিক কর্মসূচি নিয়ে রাজপথে ফের সক্রিয় হতে যাচ্ছে দলটি।
দলীয় সূত্রে জানা গেছে, প্রতিটি আসনে একাধিক মনোনয়নপ্রত্যাশীর কারণে কোথাও কোথাও অভ্যন্তরীণ টানাপোড়েন দেখা দিয়েছে। এ ধরনের দ্বন্দ্ব কর্মসূচির ওপর প্রভাব ফেলতে না পারে, সেজন্য কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নেতাকর্মীদের মধ্যে বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে।
বুধবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সাংগঠনিক বৈঠকে নেতারা জানান, দলীয় কর্মসূচি সফল করতে মনোনয়নপ্রত্যাশীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। অন্যথায় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
দলটির নেতারা জানিয়েছেন, নির্বাচনের দাবিতে বিএনপি আবারও রাজপথে আন্দোলনে নামবে। এর অংশ হিসেবে রোডমার্চ, পদযাত্রা, বিভাগীয় সমাবেশসহ নানা কর্মসূচির প্রস্তুতি নেওয়া হচ্ছে। এসব কর্মসূচি হবে আগামী তিন মাস ধরে।
বৈঠকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি নেতাদের উদ্দেশ্যে দলীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানান এবং দ্বন্দ্ব নিরসনে সক্রিয় ভূমিকা রাখার নির্দেশ দেন।
ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল বলেন, “আসন্ন নির্বাচনে কেউ যেন বিভ্রান্তি ছড়াতে না পারে সেজন্য সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করতে হবে। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আমরা ভোটের অধিকার ফিরিয়ে আনতে চাই।”
বৈঠকে আলোচনা হয়, নির্বাচনকে ঘিরে জনসম্পৃক্ততা বাড়াতে নতুন সদস্য সংগ্রহ ও পুরনো সদস্য নবায়নের কাজ ত্বরান্বিত করতে হবে। একইসঙ্গে দলের ৩১ দফা সংস্কার প্রস্তাবও সাধারণ মানুষের কাছে আরও ব্যাপকভাবে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।
দলটির নেতারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের দেওয়া নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়ন চান তারা। লন্ডনে অনুষ্ঠিত সর্বশেষ বৈঠকেও এ বিষয়টি গুরুত্ব পেয়েছে। বিএনপির মূল লক্ষ্য হচ্ছে, সময়মতো একটি অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা।


