ইতালির হাইওয়েতে উড়োজাহাজ বিধ্বস্ত: ঘটনাস্থলেই পাইলট ও সঙ্গিনীর মৃত্যু
উত্তর ইতালির ব্রেসিয়া শহরের একটি ব্যস্ত হাইওয়েতে আছড়ে পড়েছে একটি হালকা ওজনের উড়োজাহাজ। ভয়াবহ এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন বিমানটির চালক এবং তার একমাত্র সহযাত্রী। দুর্ঘটনার সময় রাস্তায় থাকা দুটি গাড়ির চালকও আহত হয়েছেন বলে স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছে।
বিমানের ধ্বংসস্তূপে আগুন ধরে যাওয়ার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, রাস্তায় আচমকা ভেঙে পড়ে একটি ছোট আকারের বিমান এবং মুহূর্তেই তা আগুনে পুড়ে যায়।
বিমানটিতে ছিলেন ৭৫ বছর বয়সী পাইলট সার্জিও রাভাগলিয়া ও তার সঙ্গী অ্যান মারি ডি স্টেফানো (৬০)। জানা গেছে, সার্জিও পেশায় একজন আইনজীবী হলেও একজন নিবেদিত শৌখিন পাইলট ছিলেন। দুর্ঘটনার সময় তিনি তার বান্ধবী অ্যানকে নিয়ে বিমান ভ্রমণে ছিলেন।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, দুর্ঘটনার আগে পাইলট রাস্তার ওপর বিমানটি জরুরি অবতরণ করানোর চেষ্টা করেছিলেন। তবে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি হাইওয়েতে সরাসরি আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়। এতে বিমানের ভেতরে থাকা দুইজনেরই মৃত্যু হয়।
বিমান বিধ্বস্তের সময় পাশে চলতে থাকা দুটি গাড়িও আঘাতপ্রাপ্ত হয়। গাড়ির চালকরা আহত হলেও তাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানায় কর্তৃপক্ষ। দুর্ঘটনার সময়কার একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, আগুন লাগা অবস্থায় বিমানটির ধ্বংসাবশেষ পাশ দিয়ে দ্রুতগতিতে গাড়ি ছুটে যাচ্ছে।
দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী। বিমানটি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেলেও উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। ব্রেসিয়ার পাবলিক প্রসিকিউটর অফিস এই ঘটনার তদন্ত শুরু করেছে। বিমানটির রক্ষণাবেক্ষণ সংক্রান্ত নথিপত্র পরীক্ষা করা হচ্ছে।
প্রসঙ্গত, মাত্র এক মাস আগে ভারতের আহমেদাবাদেও এয়ার ইন্ডিয়ার একটি বিমান দুর্ঘটনায় পড়ে, যেখানে প্রাণ হারান ২৬০ জন। তাই প্রশ্ন উঠছে, হালকা ও ব্যক্তিগত বিমান পরিচালনায় নিরাপত্তা ব্যবস্থা কতটা যথাযথভাবে মানা হচ্ছে।


