মালয়েশিয়ায় সরকারবিরোধী ঢেউ: আনোয়ারের পদত্যাগ দাবি বিক্ষোভে উত্তাল কুয়ালালামপুর
মালয়েশিয়ার রাজপথে আবারও সরকারবিরোধী স্লোগান। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে জনমনে ক্রমবর্ধমান অসন্তোষের বহিঃপ্রকাশ ঘটেছে রাজধানী কুয়ালালামপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে।
শনিবার (২৬ জুলাই) রাজধানীর জাতীয় মসজিদ থেকে স্বাধীনতা স্কয়ার পর্যন্ত বিক্ষোভকারীদের পদযাত্রা মালয়েশিয়ার রাজনীতিতে এক নতুন সংকেত দিয়েছে। মূল দাবি—আনোয়ার ইব্রাহিমের পদত্যাগ এবং জাতীয় অর্থনীতি পুনর্গঠনে একটি অন্তর্বর্তী সরকার গঠন।
বিক্ষোভকারীদের অভিযোগ, আনোয়ার সরকার জনগণের মৌলিক চাহিদা পূরণে সম্পূর্ণ ব্যর্থ। গত দুই বছরে বিদ্যুৎ ও জ্বালানি খরচ দ্বিগুণ হয়েছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে ৩৫ শতাংশ পর্যন্ত। সরকার দাবি করছে—আন্তর্জাতিক বাজার ও মহামারি-পরবর্তী সংকট এই মূল্যবৃদ্ধির জন্য দায়ী, কিন্তু সাধারণ জনগণ বলছে, ‘এই ব্যর্থতা রাজনৈতিক।’
বিক্ষোভে অংশ নেয় বিরোধী রাজনৈতিক জোট পেরিকাতান ন্যাশনাল (PN)। সাথে ছিল ইসলামপন্থি পার্টি ইসলাম মালয়েশিয়া (PAS) এবং কিছু মধ্যপন্থি নাগরিক সংগঠন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মাহাথির মোহাম্মদ ও মুহিউদ্দিন ইয়াসিনের দৃশ্যমান উপস্থিতি আগামী নির্বাচনের জন্য নতুন জোটগঠনের ইঙ্গিত।
কালো টি-শার্ট পরা যুবসমাজ ছিল বিক্ষোভের অগ্রভাগে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, শ্রমিক ও তরুণ উদ্যোক্তাদের উপস্থিতি মালয় রাজনীতিতে একটি নতুন জনমতের জন্ম দিচ্ছে।
বিক্ষোভে অংশ নেওয়া এক তরুণ বলেন, “আমরা রিফর্ম চেয়েছিলাম, কিন্তু পেলাম কর, দাম বৃদ্ধি আর হতাশা।”
প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এখনো সরাসরি বিক্ষোভ নিয়ে মন্তব্য করেননি, তবে তার অর্থমন্ত্রী বলেছেন, “সরকার জনগণের কষ্ট অনুধাবন করছে এবং প্রয়োজনীয় নীতিগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।”
তবে সরকারবিরোধী বিশ্লেষকরা বলছেন, এই ধরনের প্রতিক্রিয়া বাস্তব সংকট থেকে দৃষ্টি সরিয়ে রাখার কৌশল মাত্র।


