চাঁদপুরে গ্যাস লাইনে আগুন, শহরের একাংশে সরবরাহ বন্ধ

দেশজুড়ে
চাঁদপুরে গ্যাস লাইনে আগুন, শহরের একাংশে সরবরাহ বন্ধ
নিউজ ডেস্ক
২৮ জুলাই ২০২৫

চাঁদপুর শহরের হাজী মহসিন রোডে গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন লাগার ঘটনায় শহরের দক্ষিণাঞ্চলে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। রোববার (২৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে আগুন লাগার পর বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ ওই অংশে সরবরাহ বন্ধ করে দেয়।

সোমবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে গ্যাস লিকেজ মেরামতের কাজ শুরু হয়। মেরামতের জন্য সংশ্লিষ্ট সড়ক কেটে কাজ করছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাজী মহসিন রোডে মেসার্স জিনিয়া এন্টারপ্রাইজের সামনে হঠাৎ আগুনের স্ফুলিঙ্গ দেখা দিলে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে এবং তাৎক্ষণিকভাবে গ্যাস অফিসে খবর দেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের অভিযোগ, কয়েকদিন আগেও একই এলাকায় গ্যাস লাইনে আগুন লাগে। কিন্তু বারবার এমন ঘটনা ঘটলেও গ্যাস কর্তৃপক্ষ কোনো আগাম সতর্কতা জারি করছে না। এর ফলে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা দুর্ভোগে পড়ছেন।

নতুন বাজার এলাকার বাসিন্দা ফরহাদ উদ্দিন বলেন, “সকালে গ্যাস না থাকায় নাস্তা করতে পারিনি। খাবারের দোকান থেকে কিনে খেতে হয়েছে। গ্যাস কোম্পানি আমাদের কিছু জানায়নি।”

বাখরাবাদ গ্যাস কোম্পানির সহকারী প্রকৌশলী মো. মিজানুর রহমান বলেন, “লাইনের বয়স অনেক বেশি। রাস্তাটি কয়েকবার উঁচু করায় মেরামত করতে জটিলতা হচ্ছে। তাই সময় লাগছে।”
এদিকে, কুমিল্লা আঞ্চলিক অফিসের প্রকৌশলী মাহমুদুজ্জামান জানান, “রাতে খবর পেলেও নিরাপত্তার কারণে তখন কাজ শুরু করা যায়নি। সকালে কাজ শুরু হয়েছে। শিগগিরই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা করছি।”

গ্যাস সরবরাহ বন্ধ থাকায় দক্ষিণ চাঁদপুর শহরের পুরাণ বাজারসহ আশপাশের এলাকায় রান্নাবান্না ও হোটেল ব্যবসায় চরম ভোগান্তি দেখা দিয়েছে।