রাষ্ট্রীয় সংস্কারে একমত ১২ প্রস্তাবে, ৩১ জুলাইয়ের মধ্যেই চূড়ান্ত করার নির্দেশ

জাতীয়
রাষ্ট্রীয় সংস্কারে একমত ১২ প্রস্তাবে, ৩১ জুলাইয়ের মধ্যেই চূড়ান্ত করার নির্দেশ
নিউজ ডেস্ক
২৯ জুলাই ২০২৫

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ জানিয়েছেন, চলতি মাসের মধ্যেই রাজনৈতিক দলগুলোর মধ্যে যেসব বিষয়ে সমঝোতা হয়েছে, তা চূড়ান্ত রূপ দেওয়ার সময় এসে গেছে। মঙ্গলবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ২১তম দিনের আলোচনার আগে তিনি এ কথা বলেন।

ড. রীয়াজ জানান, “বিভিন্ন দলে আলোচনা শেষে একটি প্রাথমিক খসড়া দেওয়া হয়েছে। আজ অথবা কালকের মধ্যে প্রাথমিক ঐকমতের এই খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছে যাবে। ৩১ জুলাইয়ের মধ্যে একমত হওয়া প্রস্তাবগুলো চূড়ান্ত করতে হবে।”

একমত হওয়া মূল ১২টি প্রস্তাব:

১. সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধন (নোট অব ডিসেন্টসহ)
২. সংসদের স্থায়ী কমিটির সভাপতিত্বে পরিবর্তন
৩. নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণে নতুন কাঠামো
৪. রাষ্ট্রপতির ক্ষমা প্রদানের বিধানে স্বচ্ছতা
৫. বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ
৬. জরুরি অবস্থা ঘোষণার নতুন কাঠামো
৭. প্রধান বিচারপতির নিয়োগে স্বচ্ছ ও সাংবিধানিক কাঠামো (নোট অব ডিসেন্ট)
৮. সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় পরিবর্তন
৯. প্রধানমন্ত্রী একাধিক পদে থাকার বিধানে পর্যালোচনা (নোট)
১০. নির্বাচন কমিশনের সদস্য ও প্রধান নিয়োগ প্রক্রিয়া
১১. প্রধানমন্ত্রী পদের মেয়াদকাল নির্ধারণ
১২. একটি স্বাধীন পুলিশ কমিশন গঠন

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো ও নারী প্রতিনিধিত্বসহ কয়েকটি বিষয়ে এখনো পূর্ণ ঐকমত্য হয়নি। তবে আলোচনা অব্যাহত রয়েছে। দ্বিতীয় পর্যায়ের আলোচনায় অংশ নেওয়া দলগুলোকে বলা হয়েছে, ৩০ জুলাই দুপুরের মধ্যে প্রস্তাবিত খসড়ার ওপর মতামত জমা দিতে হবে।

কমিশনের এই দফার আলোচনায় অংশ নেয় প্রায় ৩০টি রাজনৈতিক দল। এর মধ্যে রয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী, গণঅধিকার পরিষদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ (এবি) পার্টি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

কমিশনের পক্ষে আলোচনায় উপস্থিত ছিলেন বিচারপতি এমদাদুল হক, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

চূড়ান্ত খসড়া প্রস্তুত হওয়ার পর তা প্রকাশের আগে আবার একটি সর্বদলীয় সভা ডাকা হতে পারে। কমিশন আশাবাদী, আগস্টের শুরুতে রাষ্ট্রীয় কাঠামোর সংস্কারের একটি ঐতিহাসিক রূপরেখা জাতির সামনে উপস্থাপন করা সম্ভব হবে।