ভুয়া র‍্যাবকে ধাওয়া দিল আসল র‍্যাব, দু’পক্ষকেই পেটাল নগরকান্দার জনতা

দেশজুড়ে
ভুয়া র‍্যাবকে ধাওয়া দিল আসল র‍্যাব, দু’পক্ষকেই পেটাল নগরকান্দার জনতা
নিউজ ডেস্ক
২৯ জুলাই ২০২৫

ফরিদপুরের নগরকান্দায় র‌্যাবের পরিচয়ে চলাচলকারী একটি চক্রকে জনতা আটক করে গণপিটুনি দেয়। বিভ্রান্তিকর পরিস্থিতিতে তাদের সঙ্গে আসল র‌্যাব সদস্যরাও জনতার রোষানলে পড়েন। স্থানীয়রা ধাওয়া করে আটক করে পাঁচজন ভুয়া র‌্যাব পরিচয়দানকারীকে, এ সময় মারধর ও তাদের ব্যবহৃত মাইক্রোবাস ভাঙচুরের ঘটনাও ঘটে।

ঘটনাটি ঘটে সোমবার সন্ধ্যা ৭টার দিকে, ঢাকা-খুলনা মহাসড়কের চর যশোরদী ইউনিয়নের জয়বাংলা মোড় এলাকায়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, দুটি মাইক্রোবাস দ্রুতগতিতে মহাসড়ক অতিক্রম করছিল। একটি গাড়ি থেকে অবিরত বাঁশির শব্দে স্থানীয়দের সন্দেহ হয়। তারা রাস্তা আটকে একটি গাড়ি থামায়। যাত্রীরা নিজেদের র‌্যাব সদস্য দাবি করলেও তাদের কারোর গায়ে র‌্যাবের পোশাক ছিল না। পালানোর চেষ্টা করলে জনতা তাদের ধরে মারধর করে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এ সময় পেছনে থাকা আরেকটি মাইক্রোবাসে করে প্রকৃত র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে, সাদাপোশাকে থাকায় তারাও জনতার হামলার শিকার হন।

খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে প্রকৃত র‌্যাব সদস্যদের সঙ্গে ভুয়া সদস্যদেরও থানায় নিয়ে যাওয়া হয়।

আটক ভুয়া র‌্যাব পরিচয়দানকারী পাঁচজন হলেন:

  1. মো. সুমন (৪৯), জাজিরা, শরীয়তপুর

  2. মো. মিন্টু (৪৫), চাঁদপুর সদর

  3. মো. সাইফুল (৩৪), সুন্দরগঞ্জ, গাইবান্ধা

  4. মো. জামিল (৩২), কালকিনি, মাদারীপুর

  5. মো. দিদার (৩৬), আলফাডাঙ্গা, ফরিদপুর

র‌্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. তারিকুল ইসলাম জানান, “আমাদের একটি টিম ডাকাত চক্রকে ধাওয়া করছিল। কিন্তু সাদাপোশাকে থাকায় স্থানীয়রা বিভ্রান্ত হয়ে আমাদের সদস্যদেরও পিটিয়েছে। পরে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি।”

নগরকান্দা থানার দায়িত্বপ্রাপ্ত এসআই আমীরুল ইসলাম বলেন, “উভয় পক্ষকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। আহতদের চিকিৎসা শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”