ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির আহ্বান ১৫ দেশের, নেতৃত্বে ফ্রান্স
নিউইয়র্কে এক আন্তর্জাতিক সম্মেলনে ফ্রান্সসহ ১৫টি পশ্চিমা দেশ বিশ্বব্যাপী ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারোট এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন।
ফ্রান্স ও সৌদি আরবের যৌথ সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে একযোগে ১৫ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রতি সমর্থন জানান। তাঁদের ভাষ্য, এই পদক্ষেপের উদ্দেশ্য হলো মধ্যপ্রাচ্যে টেকসই শান্তির জন্য দ্বি-রাষ্ট্রীয় সমাধানকে পুনরুজ্জীবিত করা।
ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ব্যারোট লেখেন, “ফ্রান্সসহ আরও ১৪টি দেশ একত্রে ঘোষণা দিয়েছে—আমরা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ইচ্ছা পোষণ করছি। যারা এখনো এটি করেনি, তাদের প্রতি আহ্বান—এ প্রচেষ্টায় আমাদের সঙ্গে যোগ দিন।”
এই সম্মেলনের একদিন আগেই, ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার সতর্ক করে বলেন, ইসরায়েল যদি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত না হয় এবং মানবিক পরিস্থিতির উন্নয়নে পদক্ষেপ না নেয়, তাহলে যুক্তরাজ্যও সেপ্টেম্বরে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে।
এদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁও গত সপ্তাহে জানান, তাঁর দেশ শিগগিরই আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার দিকে এগোচ্ছে। তবে এই সম্ভাবনার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র।
আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, এখনও যারা ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি—তেমন ৯টি দেশ, যার মধ্যে অস্ট্রেলিয়া, কানাডা ও নিউজিল্যান্ড রয়েছে—তারা ইতিবাচক বিবেচনার কথা জানিয়েছে।
ফ্রান্স-আরব সম্মেলনে অংশ নেওয়া ১৭টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন ও আরব লীগ গাজায় সংঘাত বন্ধে হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজায় তাদের শাসন শেষ করারও আহ্বান জানায়।


