এসি ল্যান্ডের দায়িত্বে থাকা ১০২ কর্মকর্তাকে প্রত্যাহার
৩৭তম বিসিএসের সহকারী কমিশনার (ভূমি) পদে কর্মরত ১০২ কর্মকর্তাকে একযোগে প্রত্যাহার করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তাদের নতুনভাবে পদায়ন করা হয়েছে বিভাগীয় কমিশনারদের কার্যালয়ে, সিনিয়র সহকারী কমিশনার বা সহকারী কমিশনার হিসেবে।
বুধবার (৩০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. শাহিদুল ইসলাম স্বাক্ষরিত আটটি পৃথক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারিকৃত এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
জনপ্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ধাপে ধাপে ৩৭তম বিসিএসের এসি ল্যান্ডদের দায়িত্ব থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। এখন সেটিই বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি বলেন, “মাঠ পর্যায়ে দীর্ঘদিন দায়িত্ব পালন শেষে কর্মকর্তাদের পদোন্নতির পথে নিয়ে যাওয়ার অংশ হিসেবেই এই রদবদল।”
প্রসঙ্গত, সহকারী কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ড হিসেবে কর্মকর্তারা উপজেলায় ভূমি ব্যবস্থাপনা, নামজারি, দখল, পরিমাপসহ নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। এই পদে নিয়োজিত কর্মকর্তারা মাঠ প্রশাসনের অন্যতম মুখ্য অংশ হিসেবে কাজ করেন।


