সাদিক কায়েম সমন্বয়ক ছিল না: নাহিদ ইসলাম

রাজনীতি
সাদিক কায়েম সমন্বয়ক ছিল না: নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক
৩১ জুলাই ২০২৫

৫ আগস্টের পর থেকে নিজেকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর সমন্বয়ক হিসেবে পরিচয় দেওয়া সাদিক কায়েমের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি দাবি করেন, সাদিক কখনোই ওই আন্দোলনের সমন্বয়ক ছিলেন না।

নাহিদ ইসলাম বলেন, “৫ আগস্টের আগ পর্যন্ত সাদিক কায়েম এই আন্দোলনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত ছিলেন না। তিনি হঠাৎ করে নেতৃত্ব দাবি করছেন, যা ভিত্তিহীন।”

নাহিদ ইসলাম তাঁর বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক একটি মন্তব্যকেও চ্যালেঞ্জ করেন। মির্জা ফখরুল বলেছিলেন, ‘ছাত্রদের পক্ষ থেকে জাতীয় সরকারের প্রস্তাব আসেনি।’ এ প্রসঙ্গে নাহিদ বলেন, “৫ আগস্ট রাতের প্রেস ব্রিফিংয়েই আমরা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের প্রস্তাব দিয়েছিলাম। তারেক রহমানের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এই প্রস্তাব উত্থাপন করা হয়, যদিও তিনি তা প্রত্যাখ্যান করেন।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি আরও জানান, ৭ আগস্ট ভোরে বিএনপি মহাসচিবের বাসায় সরাসরি আলোচনা হয়, যেখানে উপদেষ্টা পরিষদ গঠন নিয়ে কথাবার্তা হয়। “তারেক রহমানের সঙ্গে দ্বিতীয় বৈঠকে সম্ভাব্য উপদেষ্টা সদস্যদের তালিকা নিয়ে বিশদ আলোচনা হয়,” যোগ করেন নাহিদ।

বৈষম্যবিরোধী আন্দোলনের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নিয়ে নাহিদ বলেন, “সাদিক কায়েম সম্প্রতি দাবি করেছেন, এই আন্দোলনে শিবিরের সক্রিয় অংশগ্রহণ ছিল এবং তাদের নির্দেশেই আন্দোলন চলেছে। এটি সম্পূর্ণ অসত্য। ‘গুরুবার আড্ডা’ পাঠচক্র এবং ঢাবি ও জাবির কিছু স্টাডি সার্কেল মিলে আমরা ছাত্রশক্তি গঠন করি।”

নাহিদ আরও বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ আট বছরের রাজনৈতিক অভিজ্ঞতা আমাদের রয়েছে। আমরা সকল মতাদর্শের সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখলেও, সিদ্ধান্ত গ্রহণ ছিল আমাদের নিজস্ব।”

রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের পর ৫ আগস্টের আন্দোলনকে ঘিরে যেভাবে বিভিন্ন পক্ষ তাদের ভূমিকা দাবি করছে, তাতে আন্দোলনের প্রকৃত নেতৃত্ব ও লক্ষ্য নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রাথমিক সংগঠকদের বক্তব্যে স্পষ্ট, শিবিরের সংশ্লিষ্টতা ছিল পারস্পরিক যোগাযোগের পর্যায়ে, নেতৃত্ব বা কৌশল নির্ধারণে নয়।