ভোটের প্রস্তুতি সম্পন্ন, শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা: ড. আসিফ নজরুল
দেশে গণতান্ত্রিক চর্চার ধারাবাহিকতা ফিরিয়ে আনতে অগ্রাধিকার দিচ্ছে বর্তমান প্রশাসন— এমনটাই জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। বৃহস্পতিবার (৩১ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, “আগামী কিছুদিনের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।”
এক সাংবাদিক জানতে চান—গত কয়েকটি নির্বাচনে অনেকেই ভোট দিতে পারেননি, এবার কি জনগণ সেই অধিকার প্রয়োগ করতে পারবে? জবাবে ড. আসিফ নজরুল বলেন,
“অবশ্যই পারবে। এবার সবাই ভোট দিতে পারবে—এটাই সরকারের প্রতিশ্রুতি।”
তিনি বলেন, “আমরা ১৮ বছর ধরে ভোট দিতে পারিনি। এবার সেই দুঃখ ঘোচাতে চাই।”
২০০৮ সালের নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠলে তিনি বলেন, “অনেকেই মনে করেন ২০০৮ সালের নির্বাচন নিয়ে প্রশ্ন নেই, আমি সে বিষয়ে দ্বিমত পোষণ করি। সেখানে অনেক বিষয় ছিল যা পর্যালোচনার দাবি রাখে।”
তবে আসন্ন নির্বাচনকে ঘিরে সরকার আন্তরিকভাবে কাজ করছে জানিয়ে আসিফ নজরুল বলেন,
“আমাদের প্রধান উপদেষ্টা সব সময় বলেন, আমরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন উপহার দিতে চাই।”
তিনি জানান, নির্বাচনের কার্যক্রম পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের হলেও, সরকার সুষ্ঠু ভোটের পরিবেশ নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে।


