‘গণঅভ্যুত্থান দিবস’ ঘিরে শাহবাগে ছাত্রদলের সমাবেশে স্লোগানে মুখর পরিবেশ

রাজনীতি
‘গণঅভ্যুত্থান দিবস’ ঘিরে শাহবাগে ছাত্রদলের সমাবেশে স্লোগানে মুখর পরিবেশ
নিউজ ডেস্ক
৩ আগস্ট ২০২৫

‘গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে রাজধানীর শাহবাগে ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই স্লোগানে মুখর হয়ে উঠেছে সমাবেশস্থল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত নেতাকর্মীরা গরম ও দীর্ঘযাত্রার ক্লান্তি ভুলে মিছিল, স্লোগান ও ব্যানার নিয়ে জমায়েত হন।

সকাল থেকেই “স্বৈরাচার নিপাত যাক”, “খালেদা জিয়া ভয় নাই”, “জিয়ার সৈনিক এক হও”—এই ধরনের স্লোগানে মুখর শাহবাগ মোড় ও আশপাশের এলাকা। ছাত্রদলের নেতাদের মতে, এটি কেবল একটি রাজনৈতিক সমাবেশ নয়, বরং এটি ছাত্রসমাজের স্বৈরাচারবিরোধী অবস্থানের প্রতীক।

লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সদস্য সচিব রিফাত বলেন, “নেতাকর্মীরা অনেক কষ্ট করে এসেছেন। তাই আমরা স্লোগানের মাধ্যমে সবাইকে চাঙা রাখছি।”
নোয়াখালী জেলা ছাত্রদল নেতা জিয়াউর রহমান রায়হান বলেন, “আমরা স্বৈরাচারকে বার্তা দিতে এসেছি—এই বাংলায় স্বৈরাচারের কোনো স্থান নেই।”
দিনাজপুর জেলা ছাত্রদলের নেতা রানা ইসলাম বলেন, “দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছি, কিন্তু উদ্দীপনা এতটাই বেশি যে ক্লান্তি টের পাচ্ছি না।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

শাহবাগে উপস্থিত ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা জানান, দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সমাবেশে ছাত্রসমাজের ভূমিকা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং রাজনৈতিক অধিকার নিয়ে বক্তব্য দেওয়া হবে।

এদিকে সমাবেশকে ঘিরে শাহবাগ ও আশপাশের এলাকায় ‍নিরাপত্তা জোরদার করা হয়েছে। ‍পুলিশ জানিয়েছে, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে।