এনসিপির সমাবেশে দেখানো হচ্ছে জুলাই আন্দোলনের ভিডিও
‘নতুন বাংলাদেশ’ গড়ার ইশতেহার ঘোষণা করতে কেন্দ্রীয় শহীদ মিনারে আজ রবিবার (৩ আগস্ট) বিকেল ৪টায় সমাবেশ আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সমাবেশকে ঘিরে দলটির নেতাকর্মীরা ইতোমধ্যে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে শুরু করেছেন।
দুপুর নাগাদ সমাবেশস্থল ঘুরে দেখা গেছে, জেলা ও মহানগর ইউনিটের ব্যানার হাতে দলীয় কর্মীরা একে একে ভিড় করছেন শহীদ মিনার এলাকায়। তবে নির্ধারিত সময়ের আগ পর্যন্ত নেতাকর্মীদের জমায়েত তুলনামূলকভাবে কম দেখা গেছে।
সমাবেশস্থলের পরিবেশকে আরও আকর্ষণীয় করতে শহীদ মিনারের বেদির দুই পাশে বড় আকৃতির দুটি প্রজেক্টর স্ক্রিন স্থাপন করা হয়েছে। স্ক্রিনে জুলাই আন্দোলনের বিভিন্ন পর্যায়ের ভিডিওচিত্র ও দলীয় বার্তা প্রচার করা হচ্ছে।
দলটির নেতারা জানিয়েছেন, এ সমাবেশের মধ্য দিয়ে ‘নতুন বাংলাদেশ’ গঠনের রূপরেখা এবং রাজনৈতিক লক্ষ্য ও কর্মসূচির ইশতেহার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
এনসিপি সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, সমাবেশে দলের শীর্ষ নেতারা দেশজুড়ে চলমান গণআন্দোলন, অন্তর্বর্তী সরকার প্রসঙ্গ এবং আসন্ন নির্বাচন ঘিরে দলের অবস্থান স্পষ্ট করবেন।


