চোখের ক্যানসারে আক্রান্ত কিনা বুঝতে পারবেন মোবাইলের ফ্লাশেই
ছবি তোলার সময় কারও চোখে যদি ফ্ল্যাশের আলোতে লাল বা সবুজ নয়, বরং সাদা প্রতিফলন দেখা যায়, তাহলে সেটি হালকাভাবে নেওয়া উচিত নয়। চিকিৎসকরা বলছেন, এটি হতে পারে শিশুদের মধ্যে বেশি দেখা যায় এমন এক ধরণের চোখের ক্যানসার ‘রেটিনোব্লাসটোমা’র প্রথম সতর্ক সংকেত।
রেটিনোব্লাসটোমা হল চোখের রেটিনার একটি মারাত্মক রোগ, যেখানে রেটিনার কোষের অস্বাভাবিক বৃদ্ধি চোখে ক্যানসারে পরিণত হয়। এটি শুরুতে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে এবং যদি সময়মতো চিকিৎসা না করা হয়, তাহলে দৃষ্টিশক্তি নষ্ট হওয়ার পাশাপাশি জীবন সংকটেও পড়তে পারে রোগী।
যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য সংস্থা (NHS) জানায়, চোখে সাদা প্রতিফলনের পাশাপাশি নিচের লক্ষণগুলোর দিকে বিশেষ খেয়াল রাখতে হবে—
-
চোখের রঙ হঠাৎ পরিবর্তিত হওয়া
-
চোখ ফুলে ওঠা
-
চোখে ব্যথা বা দীর্ঘস্থায়ী অস্বস্তি
-
চোখ লাল হয়ে যাওয়া বা বারবার পানি পড়া
বিশেষ করে ছোট শিশুদের মধ্যে এই লক্ষণগুলো দেখা দিলে দ্রুত চক্ষু বিশেষজ্ঞের কাছে নিয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন ডাক্তাররা। কারণ শিশু নিজেদের সমস্যাগুলো ভালোভাবে প্রকাশ করতে পারে না।
বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো সঠিক চিকিৎসা নেওয়ার মাধ্যমে রেটিনোব্লাসটোমা থেকে অনেক ক্ষেত্রেই সুস্থ হওয়া সম্ভব। তাই ফ্ল্যাশে চোখে অস্বাভাবিক সাদা আলো দেখলেই অবহেলা না করে দ্রুত চিকিৎসা করানো জরুরি।


