নতুন বাংলাদেশে প্রথম নির্বাচন হবে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে — প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশে ভাষণ

জাতীয়
নতুন বাংলাদেশে প্রথম নির্বাচন হবে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে — প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশে ভাষণ
নিউজ ডেস্ক
৫ আগস্ট ২০২৫

‘নতুন বাংলাদেশের’ প্রথম জাতীয় নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৫ আগস্ট) রাতে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ ঘোষণা দেন তিনি।

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বিটিভি নিউজ এবং বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচারিত ভাষণে ইউনূস বলেন, “একটি নির্বাচিত সরকারের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে আমরা প্রস্তুতি নিচ্ছি। আগামীকাল প্রধান নির্বাচন কমিশনারকে একটি চিঠি দেওয়া হবে যাতে নির্বাচন আয়োজনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করা যায়। আমাদের লক্ষ্য, ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন সম্পন্ন করা।”

তিনি বলেন, “এই নির্বাচন শুধু একটি সাংবিধানিক প্রক্রিয়া নয়, এটি আমাদের জাতির নবযাত্রার প্রতীক। আমরা চাই এটি হোক একটি উৎসবমুখর, অংশগ্রহণমূলক এবং নিরপেক্ষ নির্বাচন— যা দেশের ইতিহাসে উদাহরণ হয়ে থাকবে।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

প্রধান উপদেষ্টা তার ভাষণে বলেন, “এই নির্বাচন যেন শান্তি-শৃঙ্খলা, সৌহার্দ্য ও সর্বোচ্চ ভোটার উপস্থিতির দিক থেকে স্মরণীয় হয়ে থাকে, সেজন্য আমরা সব ধরনের সহায়তা করবো।”

এক বছর আগে ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। এরপর থেকেই দেশের রাজনীতি নতুন মোড় নিতে থাকে।

ড. ইউনূস বলেন, “এই নির্বাচনই প্রমাণ করবে— বাংলাদেশের মানুষ কখনও অন্যায়, দমন-পীড়নের কাছে মাথা নত করেনি। আমরা একসঙ্গে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক সমাজের ভিত্তি গড়তে চাই।”