৮৮তম প্রয়াণবার্ষিকীতে বিশ্বকবিকে শ্রদ্ধায় স্মরণ

জাতীয়
৮৮তম প্রয়াণবার্ষিকীতে বিশ্বকবিকে শ্রদ্ধায় স্মরণ
নিউজ ডেস্ক
৬ আগস্ট ২০২৫

আজ ২২ শ্রাবণ, বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ কবি ও দার্শনিক রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৮তম প্রয়াণবার্ষিকী। ১৯৪১ সালের এই দিনে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আজ দেশজুড়ে পালিত হচ্ছে নানা আয়োজন।

জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে ১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ জন্মগ্রহণ করেন কবিগুরু। ছোটবেলা থেকেই সাহিত্যচর্চায় মনোযোগী রবীন্দ্রনাথ কেবল কবিতায় নয়, উপন্যাস, নাটক, সংগীত, প্রবন্ধ—সাহিত্যের প্রতিটি শাখায় রেখেছেন অসামান্য অবদান। বাংলা সাহিত্যের প্রথম নোবেলজয়ী হিসেবে ১৯১৩ সালে তার ‘গীতাঞ্জলি’ পেয়েছিল সাহিত্যে নোবেল পুরস্কার।

তার রচিত জাতীয় সংগীতসহ অসংখ্য গান ও কবিতা আজও বাঙালির চেতনার উৎস। সাহিত্য-সংস্কৃতির পাশাপাশি শিক্ষা ও মানবতাবাদী দর্শনের প্রসারে তিনি প্রতিষ্ঠা করেন শান্তিনিকেতনের বিশ্বভারতী।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিশ্বকবির প্রয়াণবার্ষিকী উপলক্ষে ঢাকায় আয়োজিত হচ্ছে নানা শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। আজ সন্ধ্যা ৭টায় ধানমন্ডির ছায়ানট মিলনায়তনে ছায়ানটের আয়োজনে অনুষ্ঠিত হবে স্মরণানুষ্ঠান, যেখানে গান, কবিতা ও আলোচনা মাধ্যমে তুলে ধরা হবে রবীন্দ্র-চিন্তা ও দর্শনের প্রাসঙ্গিকতা।

আগামীকাল বৃহস্পতিবার বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে বিকেল ৪টায় শুরু হবে বিশেষ সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশ নেবেন দেশের খ্যাতিমান রবীন্দ্র-গবেষক ও সাহিত্যিকগণ।

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য, গান ও দার্শনিক চিন্তাধারা শুধু সময়ের আবদ্ধতায় নয়, বরং আজও সমানভাবে প্রাসঙ্গিক। তিনি ছিলেন কবি, সংগীতস্রষ্টা, দার্শনিক এবং মানবতাবাদী—একজন পরিপূর্ণ সাহিত্যমানব। তার স্মরণ মানেই বাংলা সংস্কৃতির প্রতি এক গভীর শ্রদ্ধা।