ইসরায়েলি মন্ত্রিসভায় গাজা দখলের ছক চূড়ান্ত

ইসরায়েলি মন্ত্রিসভায় গাজা দখলের ছক চূড়ান্ত
নিউজ ডেস্ক
৮ আগস্ট ২০২৫

ফিলিস্তিনের গাজা ভূখণ্ড দখলে নেওয়ার পরিকল্পনার অনুমোদন দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। পরিকল্পনা অনুযায়ী, ইসরায়েলি সেনাবাহিনীকে গাজা শহর দখলের প্রস্তুতি নিতে বলা হয়েছে।

শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

বিবিসি জানায়, নেতানিয়াহুর কার্যালয় গাজা শহর দখলের অনুমোদিত পরিকল্পনা এবং ‘যুদ্ধ শেষ করার জন্য পাঁচটি নীতি’ সম্পর্কে বিস্তারিত একটি বিবৃতি প্রকাশ করেছে, যা মন্ত্রিসভায় সংখ্যাগরিষ্ঠ ভোটে গৃহীত হয়েছে। এছাড়া যুদ্ধক্ষেত্রের বাইরে বেসামরিক জনগণকে মানবিক সহায়তা প্রদানের সময় আইডিএফ গাজা শহরের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য প্রস্তুতি নেবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ওয়াশিংটন থেকে আল জাজিরার সাংবাদিক শিহাব রাটটানসি জানান, গাজা দখলের এই পদক্ষেপের ইঙ্গিত গত কয়েকদিন ধরেই মিলছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নেতানিয়াহুর পরিকল্পনাকে কার্যত সবুজ সংকেত দিয়েছেন।

এর আগের দিন ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছিলেন, ইসরায়েল পুরো গাজার নিয়ন্ত্রণ নিতে চায়। তবে তারা সেখানে সরকার গঠন করতে চায় না, বরং নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলে তা কোনো তৃতীয় পক্ষের হাতে তুলে দিতে চায়।

গত সপ্তাহেই ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানায়, গাজা দখলের পরিকল্পনা চূড়ান্ত হয়েছে এবং শিগগিরই নেতানিয়াহু তা ঘোষণা করবেন।