পাকিস্তানে ভারতীয় ড্রোন ভূপাতিত, সীমান্তে ফের উত্তেজনা
পাকিস্তানের লাহোরের মানাওয়ান এলাকায় ভারতীয় একটি নজরদারি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। শুক্রবার (৮ আগস্ট) স্থানীয় পুলিশ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, ড্রোনটি পাকিস্তানি আকাশসীমায় প্রবেশ করার পর থেকেই সেটির গতিবিধি নজরদারিতে ছিল। পরে দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে সেটিকে গুলি করে ভূপাতিত করা হয়।
ড্রোনটি বর্তমানে নিরাপত্তা বাহিনীর হেফাজতে রয়েছে। এতে কোনো বিস্ফোরক উপাদান পাওয়া যায়নি, যার ফলে প্রাথমিকভাবে এটিকে সার্ভেইলেন্স (নজরদারি) ড্রোন বলেই মনে করা হচ্ছে।
ভূপাতিত ড্রোনটি এখন পাকিস্তানি গোয়েন্দা সংস্থার হেফাজতে রয়েছে এবং এর প্রযুক্তিগত তথ্য ও উৎস্য যাচাইয়ে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। দেশটির সেনা ও সীমান্ত নিরাপত্তা বাহিনী বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে।
বিশ্লেষকরা মনে করছেন, সাম্প্রতিক ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটেই এই ড্রোন প্রবেশের ঘটনা ঘটেছে।
উল্লেখ্য, এপ্রিল মাসে জম্মু ও কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার ঘটনায় ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করে। এরপর দুই দেশের মধ্যে টানা ৮৭ ঘণ্টার সংঘাত শুরু হয়।
ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর জবাবে পাকিস্তান চালায় ‘অপারেশন বুনইয়ান-উম-মারসুস’, যেখানে ছয়টি ভারতীয় যুদ্ধবিমান, তিনটি রাফাল এবং একাধিক ড্রোন ভূপাতিত করা হয় বলে দাবি করে ইসলামাবাদ।
এই সংঘাতের অবসান ঘটে ১০ মে, ২০২৫-এ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া অস্ত্রবিরতির মাধ্যমে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই অস্ত্রবিরতির ঘোষণা দেন সামাজিক মাধ্যমে। যদিও ভারত এই মধ্যস্থতার বিষয়টি স্বীকার করেনি, পাকিস্তান তাকে ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছে।
সূত্র: জিও নিউজ


