বগুড়ায় বাস-সিএনজি সংঘর্ষে দুইজন নিহত, চালক পলাতক

দেশজুড়ে
বগুড়ায় বাস-সিএনজি সংঘর্ষে দুইজন নিহত, চালক পলাতক
নিউজ ডেস্ক
৯ আগস্ট ২০২৫

বগুড়ার শাজাহানপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই যুবকের। সিএনজিচালিত অটোরিকশা ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের পর একটি ট্রাক সিএনজিটিকে চাপা দিলে এ মর্মান্তিক ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে উপজেলার ফটকি ব্রিজ এলাকায় প্রয়াস স্কুলের সামনে হাইওয়ে সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজন হলেন শেরপুর উপজেলার বনমরিচা গ্রামের আরিফ (২১), ঘটনাস্থলেই তিনি মারা যান। অপরজন হযরত আলীর ছেলে আকাশ (২৫), যিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আহতরা হলেন আব্দুল আজিজ (৩৮), পলাশ (৩৫) ও হায়দার আলী (৫০)। তাদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া থেকে শেরপুরগামী একটি সিএনজি অটোরিকশা ফটকি ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসটি সেটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের পর সিএনজিটি উল্টে গেলে পেছন থেকে আসা একটি ট্রাক সেটিকে চাপা দেয়।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “দুর্ঘটনায় একাধিক ব্যক্তি নিহত ও আহত হয়েছেন। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছে। দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেছে এবং সিএনজিচালিত অটোরিকশাটি হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।”

এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারে চলছে মাতম।