অতীত ভুলের জন্য দেশবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চাইলেন জাপা নেতা চুন্নু

রাজনীতি
অতীত ভুলের জন্য দেশবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চাইলেন জাপা নেতা চুন্নু
নিউজ ডেস্ক
৯ আগস্ট ২০২৫

জাতীয় পার্টির (একাংশ) মহাসচিব মুজিবুর রহমান চুন্নু অতীত রাজনৈতিক সিদ্ধান্তে কোনো ভুল হয়ে থাকলে দেশবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। তিনি বলেছেন, “আমরা বেআইনি কিছু করিনি। কিন্তু নৈতিকভাবে কোথাও ভুল হয়ে থাকলে জাতির কাছে মাথা নত করে ক্ষমা চাইছি।”

শনিবার (৯ আগস্ট) রাজধানীর ইমানুয়েল পার্টি সেন্টারে আয়োজিত জাতীয় পার্টির ১০ম জাতীয় কাউন্সিল উপলক্ষে এ বক্তব্য দেন তিনি।

চুন্নু বলেন, “রাজনীতিতে আমরা সবসময় শতভাগ সঠিক সিদ্ধান্ত নিতে পারিনি। জাতীয় পার্টিকে কখনও স্বৈরাচারের সহচর, কখনও সহনশীল বিরোধীদল হিসেবে দেখা হয়েছে। অনেকে কটূক্তি করেছেন, তবে আমরা শান্তিপূর্ণ রাজনীতির পক্ষে ছিলাম এবং আছি।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সব রাজনৈতিক দলের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা এমন একটি দল গড়তে চাই যা আধুনিক, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ রাজনীতির পথ অনুসরণ করে। নিয়ম-কানুন মেনে দেশের মানুষের পাশে থাকতে চাই।”

তিনি আরও বলেন, “জাতীয় পার্টি আধুনিক গণতন্ত্রে বিশ্বাসী—এটি কোনো সংঘাত নয়, সহাবস্থানের রাজনীতি।”

জাতীয় কাউন্সিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। কাউন্সিলের সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। নেতারা দলকে পুনর্গঠনের মাধ্যমে আগামীর রাজনৈতিক বাস্তবতায় উপযোগী করার প্রতিশ্রুতি দেন।