তারেক রহমানকে ‘ভবিষ্যৎ প্রধানমন্ত্রী’ বললেন ফখরুল

রাজনীতি
তারেক রহমানকে ‘ভবিষ্যৎ প্রধানমন্ত্রী’ বললেন ফখরুল
নিউজ ডেস্ক
৯ আগস্ট ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ভবিষ্যতের প্রধানমন্ত্রী হিসেবে অভিহিত করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৯ আগস্ট) রাজধানীর কাকরাইলস্থ উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) জাতীয় কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, “আমাদের নেতা, যিনি ভবিষ্যতের প্রধানমন্ত্রী হবেন—তিনি যেন দেশের স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেন। তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমানও একজন চিকিৎসক, এই খাতের গুরুত্ব তিনি ভালোভাবেই বোঝেন।”

মির্জা ফখরুল বলেন, “স্বাস্থ্যসেবা নিয়ে জনগণের ভোগান্তি ভয়াবহ রূপ নিয়েছে। ১৮ কোটি মানুষের স্বাস্থ্য নিশ্চিতে কার্যকর ও সময়োপযোগী পদক্ষেপ এখন সময়ের দাবি।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি আরও জানান, দেশের ওষুধ খাত গভীর সংকটে পড়েছে। ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর প্রতিনিধিরা সরকারের নীতির সমালোচনা করে তাঁর সঙ্গে দেখা করেছেন। “বর্তমান সরকারের একজন উপদেষ্টার হঠাৎ কিছু সিদ্ধান্তে ওষুধশিল্প হুমকির মুখে পড়েছে,” দাবি করেন ফখরুল।

ক্যান্সার বিশেষজ্ঞ ডা. ফরিদের উদাহরণ টেনে বিএনপি মহাসচিব বলেন, “দেশে বিশ্বমানের চিকিৎসা কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নিচ্ছেন অনেকে, কিন্তু প্রশাসনিক ও রাজনৈতিক বাধায় তাঁরা পিছিয়ে পড়ছেন।”

চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়ে ফখরুল বলেন, “আপনারা স্বাস্থ্যখাতকে জনগণের কাছে গ্রহণযোগ্য করে তুলুন। ড্যাবকে ভবিষ্যতের উন্নয়নমূলক স্বাস্থ্যনীতি প্রণয়নে অগ্রণী ভূমিকা নিতে হবে।”

এই সময় সভা কক্ষ করতালিতে মুখর হয়ে ওঠে তারেক রহমানের প্রতি সমর্থনে।