ঢামেকে ভর্তি ফরমে ‘স্বামীর নামে জালিয়াতি’র অভিযোগ, এনসিপি নেত্রীর ক্ষোভ প্রকাশ

রাজনীতি
ঢামেকে ভর্তি ফরমে ‘স্বামীর নামে জালিয়াতি’র অভিযোগ, এনসিপি নেত্রীর ক্ষোভ প্রকাশ
নিউজ ডেস্ক
৯ আগস্ট ২০২৫

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় নিজের অনুমতি ছাড়াই ভর্তি ফরমে স্বামীর স্থানে অন্যের নাম বসানোকে জালিয়াতি ও মানবাধিকার লঙ্ঘন হিসেবে অভিহিত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী নীলা ইস্রাফিল।

শনিবার (৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে হাসপাতালের ভর্তি ফরমসহ নিজের বক্তব্য তুলে ধরেন তিনি। এতে তিনি দাবি করেন, “আমি হাসপাতালে অজ্ঞান অবস্থায় থাকার সময়, আমার অনুমতি ছাড়াই একজন ব্যক্তি নিজের নামকে আমার স্বামীর স্থানে বসিয়েছেন।” অভিযোগ অনুযায়ী, ওই ব্যক্তির নাম সারোয়ার তুষার, যিনি এনসিপির যুগ্ম আহ্বায়ক হিসেবেও পরিচিত।

নীলা লিখেছেন, “এটি কোনো অনিচ্ছাকৃত ভুল নয়, বরং এটি আইনগতভাবে ফৌজদারি জালিয়াতি। আমার পারিবারিক পরিচয় ইচ্ছাকৃতভাবে বিকৃত করা হয়েছে, যা আমার সামাজিক মর্যাদাকে আঘাত করেছে এবং মানবাধিকার লঙ্ঘনের সামিল।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি আরও বলেন, এই ঘটনায় তাঁর ব্যক্তিগত মর্যাদা, গোপনীয়তা এবং নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। “বাংলাদেশ দণ্ডবিধির ৪৬৮ ও ৪৭১ ধারা এবং আইসিটি আইনের আওতায় অপরাধ হিসেবে গণ্য হওয়া এমন জালিয়াতির বিচার হওয়া উচিত,” উল্লেখ করেন তিনি।

নীলা ইস্রাফিলের দাবি, “ভবিষ্যতে এ ধরনের ভুল তথ্য আমার বিরুদ্ধে ব্যবহার হতে পারে, যা আমার সামাজিক ও আইনি অবস্থানকে ক্ষতিগ্রস্ত করতে পারে।”

তিনি চার দফা দাবিও জানান:

  1. ঘটনার নিরপেক্ষ তদন্ত

  2. দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা

  3. হাসপাতালের নথিতে সঠিক তথ্য পুনঃস্থাপন

  4. রোগীর অসহায় অবস্থার সুযোগ নিয়ে করা এ ধরনের অপরাধ বন্ধে কঠোর পদক্ষেপ

এ প্রসঙ্গে ঢামেক হাসপাতালের প্রশাসনের কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।