শেখ হাসিনা বারোটা বাজিয়েছেন, এই সরকার চব্বিশটা বাজিয়ে দিয়েছে: মির্জা আব্বাস
বর্তমান অন্তর্বর্তী সরকারের ব্যর্থতায় দেশের সংকট আরও ঘনীভূত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি দাবি করেন, “শেখ হাসিনা বারোটা বাজিয়েছেন, আর এই সরকার চব্বিশটা বাজিয়ে দিয়েছে।”
শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত ওই সভা গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হয়।
আলোচনায় মির্জা আব্বাস বলেন, দেশের বিভিন্ন খাতে লুটপাট, দুর্নীতি এবং সম্পদ আত্মসাতের ঘটনার তথ্য তার কাছে রয়েছে। যদিও এখনই সবকিছু প্রকাশ করেননি, তবে ভবিষ্যতে উপযুক্ত সময়েই তা প্রকাশ করা হবে বলেও ইঙ্গিত দেন তিনি।
“কারা কোথায় কীভাবে টাকা লুট করেছে, সবকিছু জানি। কিন্তু এই মুহূর্তে আমার অবস্থান থেকে বলতে পারছি না,”— বলেন বিএনপির এই নেতা।
সাম্প্রতিক নানা অপরাধমূলক ঘটনায় বিএনপির নাম টেনে আনা উদ্দেশ্যমূলক উল্লেখ করে তিনি বলেন, “যেখানে খুন, সেখানেই বিএনপি; যেখানে চাঁদাবাজি, সেখানেই বিএনপি— এমনভাবে রঙ লাগানোর চেষ্টা চলছে। জনগণ এসব ভালোভাবে বোঝে।”
আলোচনায় নতুন রাজনৈতিক দল এনসিপিকে ঘুরে কটাক্ষ করে মির্জা আব্বাস বলেন, “আপনাদের যেমন ক্ষমতায় যাওয়ার খায়েশ, আমাদেরও আছে। তবে সেটা জনগণের ভোটে। আমরা ১৭ বছর ধরে এই ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য লড়ছি।”
তিনি আরও অভিযোগ করেন, কিছু দল নির্বাচনের কথা মুখে বললেও, আদতে তারা চায় না নির্বাচন হোক। কারণ, তাদের আশঙ্কা বিএনপি ক্ষমতায় ফিরে আসবে।
মির্জা আব্বাস বলেন, বিএনপি কখনও ‘দেশ শাসন’ করেনি, বরং ‘দেশ পরিচালনার’ চেষ্টা করেছে। তাঁর ভাষায়, “আমরা শাসন করি না, জনগণের সেবা করি। গণতন্ত্রের পথে ক্ষমতায় যেতে চাই।”
সভায় আরও বক্তব্য দেন— বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম, জাসাস আহ্বায়ক হেলাল উদ্দিন, জনশক্তিবিষয়ক সম্পাদক এম এ মালেক, শহীদ মিরাজের পিতা আব্দুর রব মিয়াসহ আরও অনেকে।
আলোচনা শেষে জাসাসের শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।


