শিগগিরই দেশে ফিরব, জনগণের সঙ্গে থাকব — তারেক রহমান

রাজনীতি
শিগগিরই দেশে ফিরব, জনগণের সঙ্গে থাকব — তারেক রহমান
নিউজ ডেস্ক
১০ আগস্ট ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন, তিনি শিগগিরই দেশে ফিরবেন এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করবেন।

রোববার (১০ আগস্ট) রাজশাহী মহানগর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, “ইনশাআল্লাহ, অতি শিগগির আপনাদের সঙ্গে সামনাসামনি দেখা হবে। সময় এসেছে দেশের মানুষের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেওয়ার।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি দাবি করেন, দেশের অধিকাংশ মানুষ বিএনপির ওপর আস্থা রাখে এবং এই আস্থার প্রতিদান দিতেই বিএনপিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, আগামী বছর রমজানের আগেই জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রথম ধাপ বাস্তবায়ন সম্ভব হবে। তবে এ পথে এখনো অনেক চ্যালেঞ্জ রয়েছে বলেও সতর্ক করেন তিনি।

গত জুলাই মাসে ‘গণঅভ্যুত্থানের’ মাধ্যমে সরকারের পতনের ইঙ্গিত দিয়ে তারেক রহমান বলেন, “বাংলাদেশের মানুষ সম্মিলিতভাবে স্বৈরাচারবিরোধী আন্দোলনে বিজয় অর্জন করেছে।”

বর্তমান সরকারের তীব্র সমালোচনা করে তারেক রহমান বলেন, “স্বৈরাচার সরকার দেশের অর্থনীতি, স্বাস্থ্যখাত এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে ধ্বংস করেছে। বিএনপি ক্ষমতায় এলে তা পুনর্গঠনের কাজ শুরু করবে।”

তিনি আরও বলেন, “দেশ-বিদেশে কর্মসংস্থান বৃদ্ধি, শিক্ষার উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও উন্নত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য।”

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “বিএনপিকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। তাদের আস্থা অর্জন করতে হবে। বিএনপি কেবল একটি দল নয়, এটি জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক।”