ফেব্রুয়ারির নির্বাচনে আপত্তি নেই জামায়াতের

রাজনীতি
ফেব্রুয়ারির নির্বাচনে আপত্তি নেই জামায়াতের
নিউজ ডেস্ক
১০ আগস্ট ২০২৫

আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্ধারিত জাতীয় নির্বাচনে অংশগ্রহণে জামায়াতে ইসলামীর কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। রোববার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “ফেব্রুয়ারিতে নির্বাচন হলে জামায়াতের কোনো আপত্তি নেই। তবে তারিখ নির্ধারণের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসা উচিত।”

নির্বাচনের আগে নির্বাচন সংস্কার ও সুষ্ঠু বিচার কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে জামায়াত নেতা বলেন, “স্বচ্ছ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে হলে আগে দৃশ্যমান বিচারকাজ এবং রাজনৈতিক সংস্কার দরকার। একইসঙ্গে, অতীতের মতো পক্ষপাতদুষ্ট নির্বাচন আর সহ্য করবে না জনগণ।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি আরও বলেন, “৫৪ বছরের পুরোনো নির্বাচনী সংস্কৃতি থেকে বের হতে হলে এবারের নির্বাচনে পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি চালু করা জরুরি। এতে প্রতিনিধিত্বমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচনের পথ সুগম হবে।”

সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয় বলে জানান তাহের। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “নির্বাচন কমিশনের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করেই জামায়াতে ইসলামী সিদ্ধান্ত নেবে তারা ইসির ওপর আস্থা রাখতে পারবে কি না।”

বৈঠকে কমিশনের পক্ষ থেকে বলা হয়, সীমানা নির্ধারণসহ কিছু সীমাবদ্ধতা থাকলেও তা কাটিয়ে উঠতে নির্বাচন কমিশন কাজ করছে।