ইসির প্রাথমিক যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ এনসিপিসহ ১৬ দল
নতুন রাজনৈতিক দল নিবন্ধনের প্রক্রিয়ায় অংশ নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) প্রাথমিক যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ হয়েছে ১৬টি দল। এদের মধ্যে রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-সহ আরও ১৫টি নতুন সংগঠন। মাঠ পর্যায়ের তদন্তের পরই চূড়ান্ত নিবন্ধনের সিদ্ধান্ত নেবে কমিশন।
ইসি সূত্রে জানা গেছে, চলতি বছরের ২০ এপ্রিল নতুন দল নিবন্ধনের আহ্বান জানানো হয়। পরে ৪৬টি দলের অনুরোধে আবেদন সময় বাড়িয়ে ২২ জুন পর্যন্ত করা হয়। এই সময়ের মধ্যে ১৪৭টি দল আবেদন জমা দেয়। এর মধ্যে তিনটি দল একাধিকবার আবেদন করে।
প্রাথমিক পর্যালোচনায় দেখা গেছে, সব আবেদনেই কোনো না কোনো কাগজপত্রের ঘাটতি ছিল। ইসি এসব দলকে ১৫ দিনের সময় বেঁধে দিয়ে প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে বলে। নির্ধারিত সময়ের মধ্যে ৮০টি দল নথিপত্র জমা দেয়। বাদবাকি অধিকাংশ দল সময় বৃদ্ধির আবেদন করে, তবে ছয়টি দল একেবারেই আর কোনো সাড়া দেয়নি।
২০০৮ সাল থেকে রাজনৈতিক দল নিবন্ধনের বাধ্যবাধকতা কার্যকর করে নির্বাচন কমিশন। বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫০টি। এই তালিকায় নতুন ১৬টি দলের প্রাথমিক উত্তীর্ণ হওয়া রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে।
বিশেষজ্ঞদের মতে, এ প্রক্রিয়ায় চূড়ান্তভাবে নিবন্ধন পেলে এসব দল আগামী নির্বাচনগুলোতে অংশ নেওয়ার সুযোগ পাবে, যা রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে।


