ইসিকে সেমিফাইনালে দেখবে জামায়াত

রাজনীতি
ইসিকে সেমিফাইনালে দেখবে জামায়াত
নিউজ ডেস্ক
১১ আগস্ট ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামী পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেছে। দলটি নির্বাচনের আগে পুরো নির্বাচনী সংস্কার কার্যকর করার পাশাপাশি লেভেল প্লেয়িং ফিল্ড গড়ে তোলা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের গুরুত্ব আরোপ করেছে।

রোববার (১০ আগস্ট) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকের পর জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ ডা. তাহের বলেন, উচ্চকক্ষ ও নিম্নকক্ষে পিআর পদ্ধতির আওতায় ভোট গ্রহণ নিশ্চিত না হলে আন্দোলন ছাড়াই চলবে না। তিনি বলেন, “৫৪ বছরের নির্বাচনী ইতিহাসে ফেয়ার ইলেকশন হয়নি, তাই এখন সময় এসেছে রূপান্তরের।”

জামায়াতের দাবি, আগামী ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ ঠিক হলেও, নির্বাচন হতে হবে প্রকৃত অর্থে নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক। সরকার ও নির্বাচন কমিশনকে এ লক্ষ্যে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে যাতে ভোটাররা আত্মবিশ্বাস নিয়ে নির্বাচনে অংশ নিতে পারে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ডা. তাহের আরও বলেন, “সংস্কার, বিচার ও নির্বাচন—এই তিনটি শর্ত পূরণে সরকারকে দৃঢ় উদ্যোগ নিতে হবে। শুধু নির্বাচন আয়োজনেই নয়, নির্বাচনের আগে বিচারব্যবস্থাকে দৃশ্যমান ও কার্যকর করতে হবে।”

তিনি আশাবাদ ব্যক্ত করেন, বর্তমান নির্বাচন কমিশন যথাসাধ্য নিরপেক্ষ ও দক্ষতার সঙ্গে নির্বাচন সম্পন্ন করবে। তবে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা জরুরি।

জামায়াত নেতার কথায়, “আমরা নির্বাচনের পক্ষে, তবে নির্বাচনকে স্বচ্ছ ও সুষ্ঠু করতে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে, নইলে আমাদের আন্দোলনের বিকল্প থাকবে না।”

বর্তমান কমিশনের প্রতি এখন পর্যন্ত কমিশনের যতটুকু ভূমিকা, তাতে অসন্তোষ নেই জামায়াতের। ডা. তাহের বলেন, এখন পর্যন্ত সে ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এটা হচ্ছে ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, (ফাইনালের আগে) সেমিফাইনাল তারা কীভাবে করে সেটা আমরা দেখবো। যদি এটা নিরপেক্ষ নির্বাচনের জন্য উপযোগী হয় এবং যা যা এদেশের মানুষ আশা করে সুস্থ নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করা; সেটা যদি উনারা করেন তাহলে তো কোনো আপত্তি নেই।