রোমে যান্ত্রিক ত্রুটিতে আটকা বিমানের ড্রিমলাইনার, ২৬২ যাত্রী হোটেলে

জাতীয়
রোমে যান্ত্রিক ত্রুটিতে আটকা বিমানের ড্রিমলাইনার, ২৬২ যাত্রী হোটেলে
নিউজ ডেস্ক
১১ আগস্ট ২০২৫

ইতালির রোমে যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-গামী একটি ফ্লাইট (বিজি ৩৫৬) বাতিল করা হয়েছে। বোয়িং-৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজটির ডানার ফ্ল্যাপে সমস্যা দেখা দেওয়ায় ফ্লাইটটি নির্ধারিত সময়ে উড্ডয়ন করতে পারেনি।

স্থানীয় সময় শনিবার (১০ আগস্ট) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি ফিউমিসিনো বিমানবন্দর থেকে ফ্লাইটটির ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল।
তবে শেষ মুহূর্তে উড়োজাহাজের ডানার ফ্ল্যাপ কাজ না করায় ফ্লাইটটি বাতিল করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

বিমানটির মোট যাত্রী ছিলেন ২৬২ জন, যাদের মধ্যে ১৫ জন বিজনেস ক্লাস এবং ২৪৭ জন ইকোনমি ক্লাসের।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

প্রায় তিন ঘণ্টা অপেক্ষার পর যাত্রীদের নিকটবর্তী হোটেলে স্থানান্তর করা হয়। যাত্রীদের নিরাপত্তা এবং আরাম নিশ্চিত করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিমানের প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, ফ্লাইটটির যান্ত্রিক ত্রুটির সমাধানে প্রয়োজনীয় স্পেয়ার পার্টস রোম বা মিলানে না থাকায় সেগুলো লন্ডন থেকে সংগ্রহ করা হয়েছে।

বিমানের জেনারেল ম্যানেজার (জনসংযোগ) এ বি এম রওশন কবির জানিয়েছেন,
“আশা করা হচ্ছে, রোববার সন্ধ্যার মধ্যে যন্ত্রাংশ রোমে পৌঁছে যাবে। তারপর মেরামতের কাজ শুরু হবে। ঠিক কখন ফ্লাইটটি রওনা হবে, তা মেরামতের অগ্রগতির ওপর নির্ভর করছে।”

ঘণ্টার পর ঘণ্টা অনিশ্চয়তায় পড়ে থাকা যাত্রীদের মধ্যে কিছুটা ক্ষোভ ও উদ্বেগ দেখা গেলেও, বিমানের পক্ষ থেকে হোটেল ও খাদ্য-ব্যবস্থাপনা করার ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

একজন যাত্রী জানান, “প্রথমে ভেবেছিলাম ৩০-৪৫ মিনিটের দেরি হবে। পরে যখন জানানো হলো ফ্লাইট বাতিল, তখন সবাই দুশ্চিন্তায় পড়ে যায়। তবে হোটেল নিয়ে যাওয়ার পর কিছুটা স্বস্তি মিলেছে।”