তরুণ ভোটারদের জন্য পৃথক বুথের ঘোষণা, নির্বাচনে বাড়তি নজরদারি থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের অংশগ্রহণ উৎসাহিত করতে প্রতিটি ভোটকেন্দ্রে তাদের জন্য আলাদা বুথ স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ সকালে দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “নির্বাচনকে উৎসবমুখর ও সুশৃঙ্খল রাখতে আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি। তরুণদের সম্পৃক্ততা বাড়াতে আলাদা বুথ থাকবে। ছেলেমেয়েদের জন্যও আলাদা বুথের ব্যবস্থা থাকবে, পাশাপাশি পুরুষ ও নারীদের জন্য বরাবরের মতো পৃথক বুথ থাকবে।”
নির্বাচন পর্যবেক্ষণে আধুনিক প্রযুক্তি ব্যবহারের কথাও জানান উপদেষ্টা। তিনি বলেন, “প্রতিটি ভোটকেন্দ্রে বডি-অর্ন ক্যামেরা থাকবে, যার মাধ্যমে জেলা ও কেন্দ্রীয় পর্যায়ে নির্বাচন পর্যবেক্ষণ করা সম্ভব হবে।”
তিনি আরও জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জন্য ইতোমধ্যে প্রশিক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে এবং নতুন করে আরও ৪০ হাজার বডি-অর্ন ক্যামেরা কেনার প্রক্রিয়া চলছে।
একটি বিশেষ মহল বিভিন্ন স্ট্যান্ড দখল করে চাঁদাবাজি করছে — সাংবাদিকদের এমন অভিযোগের জবাবে তিনি বলেন, “চাঁদাবাজি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। ইতোমধ্যে অনেককে গ্রেপ্তার করা হয়েছে। কেউই ছাড় পাবে না, সে যেই দলেরই হোক।”
পরিদর্শনের অংশ হিসেবে উপদেষ্টা র্যাব-১০ এর সদর দপ্তর, কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার ও কেরানীগঞ্জ মডেল থানা ঘুরে দেখেন। কারাগারে বন্দিদের জীবনযাত্রা ও খাবারের মান পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনাও প্রদান করেন।


