চীনের প্রেমে সাড়া, দিনাজপুরে ঘর বাঁধলেন তরুণী সুরভী
একটি মোবাইল অ্যাপের মাধ্যমে পরিচয়, তারপর গুগল ট্রান্সলেট ব্যবহার করে কথা— এভাবেই ভালোবাসার সূত্রপাত। আর সেই ভালোবাসার টানে বাংলাদেশে ছুটে এসেছেন চীনের ইয়ং সাও সাও। দিনাজপুরের বিরল উপজেলার কাজীপাড়া শিমুলতলীতে এখন তার নতুন ঠিকানা, বাংলাদেশি তরুণী সুরভী আক্তারকে বিয়ে করে তিনি এখানে বসবাস শুরু করেছেন।
১৯ বছর বয়সী সুরভী ও চীনের জিয়াংশু সিটির বাসিন্দা ইয়ং সাওর প্রেমের শুরু ‘হ্যালো ট্যাগ’ নামের একটি অ্যাপে। এক বছর কথা বলার পর, সুরভী তাকে জানিয়ে দেন— বিয়ের জন্য ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। ইয়ং সাও রাজি হন। এরপর ৪ আগস্ট বাংলাদেশে আসেন, এবং ৯ আগস্ট আনুষ্ঠানিকভাবে বিয়ে করেন সুরভীকে।
স্থানীয়ভাবে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। নতুন বিদেশি জামাইকে দেখতে ভিড় করছেন এলাকাবাসী। মোবাইল ট্রান্সলেট অ্যাপে কথা বলছেন ইয়ং সাও। সেলফি, ভিডিও আর হাসিমুখে অভ্যর্থনায় জমে উঠেছে দিনাজপুরের গ্রামীণ জনপদ।
সুরভীর বাবা নুর হোসেন বাবু বলেন, “মেয়ের পছন্দ দেখে খুশি হয়েছি। ছেলে বাংলাদেশে এসে ধর্ম গ্রহণ করে তাকে বিয়ে করেছে— এটা সম্মানের ব্যাপার।”
এলাকাবাসীও বেশ উচ্ছ্বসিত। অনেকে বলছেন, “টিভিতে বিদেশি জামাই দেখতাম, এখন নিজের গ্রামেই এমন জামাই। এটা গর্ব করার মতো বিষয়।”


