প্রস্তাবিত জাতীয় সনদ বিষয়ে জনমত জরিপ: দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রিত্ব চান না ৮৯% মানুষ

জাতীয়
প্রস্তাবিত জাতীয় সনদ বিষয়ে জনমত জরিপ: দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রিত্ব চান না ৮৯% মানুষ
নিউজ ডেস্ক
১২ আগস্ট ২০২৫

জাতীয় সনদ চূড়ান্তকরণে দেশের নাগরিকদের মতামত যাচাই করতে পরিচালিত এক জরিপে দেখা গেছে, অংশগ্রহণকারী ৮৯ শতাংশ মানুষ মনে করেন, একই ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া উচিত নয়।

নাগরিক সংগঠন সুশাসনের জন্য নাগরিক (সুজন) মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই জরিপের ফলাফল প্রকাশ করে।

সুজনের জরিপে অংশগ্রহণকারী ৬৯ শতাংশ মানুষ দ্বিকক্ষবিশিষ্ট সংসদ (জাতীয় সংসদ ও সিনেট) গঠনের পক্ষে মত দিয়েছেন। উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্বে আসন বণ্টনের পক্ষে মত দিয়েছেন ৭১ শতাংশ।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

নির্বাচনী ব্যবস্থায় স্বচ্ছতা আনতে ৮৮ শতাংশ মানুষ নির্বাচনী ব্যয় নিরীক্ষা চেয়েছেন এবং ৯২ শতাংশ মানুষ চিহ্নিত অপরাধীদের রাজনৈতিক দলে অযোগ্য ঘোষণা করার পক্ষে মত দিয়েছেন।

প্রশাসন ও সংবিধান সংস্কারে জনসমর্থন প্রবল

  1. সংবিধান সংশোধনের পক্ষে: ৮৫%

  2. তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে: ৮৩%

  3. স্থায়ী স্বাধীন পুলিশ কমিশন চায়: ৯০%

  4. দুর্নীতি ও মানবাধিকার কমিশনকে সাংবিধানিক মর্যাদা দিতে চান: ৯০%

জরিপে অংশগ্রহণকারী ৯১% মানুষ রাজনৈতিক দলের আর্থিক লেনদেন ব্যাংকিং চ্যানেলে আনার পক্ষে মত দিয়েছেন। ৮৩% মানুষ চায় গোপন ভোটে মনোনয়ন প্যানেল গঠন।

সরকারি সেবা বিকেন্দ্রীকরণের বিষয়ে অভিমত

  1. হাইকোর্ট বেঞ্চ বিভাগীয় শহরে চান: ৮৮%

  2. শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থার পক্ষে: ৮৪%

  3. উপজেলা পর্যায়ে আদালত চান: ৮১%

সুজন ২০২৫ সালের মে-জুন মাসে দেশের ১৫টি জেলার ১,৩৭৩ জন নাগরিকের মধ্যে ৪০টি প্রশ্ন নিয়ে এই জরিপ পরিচালনা করে। এতে পুরুষ অংশগ্রহণকারী ১,০৩৩ জন, নারী ৩৩৫ জন এবং তৃতীয় লিঙ্গের ৫ জন।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, এবং জাতীয় কমিটির সদস্য একরাম হোসেন।

জনগণ সংসদ ও রাজনৈতিক ব্যবস্থায় মূলগত সংস্কার, ক্ষমতার ভারসাম্য, এবং সুশাসনের লক্ষ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতা চায়—এমন বার্তা উঠে এসেছে সুজনের প্রস্তাবিত জাতীয় সনদ ভিত্তিক জরিপ থেকে।