সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা ৪৫ হাজার ৯৮
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বড় পরিসরে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সম্ভাব্য ভোটকেন্দ্রের সংখ্যা নির্ধারণ করা হয়েছে ৪৫ হাজার ৯৮টি, যেখানে ভোটকক্ষ থাকবে প্রায় ২ লাখ ৮০ হাজার ৫৬৪টি। এসব কেন্দ্রে ভোটগ্রহণের দায়িত্বে থাকবেন প্রায় ৯ লাখ ৩১ হাজার ১৩১ জন ভোটকর্মী।
সম্প্রতি অনুষ্ঠিত এক সভায় ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও প্রশিক্ষণ কার্যক্রম তদারকি সংক্রান্ত কার্যবিবরণী থেকে এ তথ্য জানা গেছে।
সভায় জানানো হয়, ২০২৫ সালের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষে মোট ভোটার সংখ্যা দাঁড়াতে পারে প্রায় ১২ কোটি ৭৮ লাখ ৭৩ হাজার ৭৫২ জন। উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ জন।
সেই হিসেবে নতুন নির্বাচনে অতিরিক্ত প্রায় ৮২ লাখ ভোটার যুক্ত হচ্ছেন। এ বৃদ্ধির প্রেক্ষিতে প্রায় ২ হাজার ৯৫০টি অতিরিক্ত ভোটকেন্দ্র এবং ১৯ হাজারের বেশি অতিরিক্ত ভোটকক্ষ যুক্ত করা হবে বলে জানায় নির্বাচন কমিশন।
ভোটগ্রহণ নির্বিঘ্ন করতে আগের মতো এবারও প্রয়োজনের তুলনায় ১০% বেশি সংখ্যক ভোটগ্রহণ কর্মকর্তা প্যানেলভুক্ত করা হবে। এর মধ্যে প্রয়োজনীয় সংখ্যার চেয়ে ৫% অতিরিক্ত কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে যেকোনো জরুরি পরিস্থিতিতে বিকল্প জনবল প্রস্তুত থাকে।
এবারের নির্বাচনে প্রশিক্ষণপ্রাপ্ত ভোটগ্রহণ কর্মকর্তার সংখ্যা হবে ৯ লাখ ৩১ হাজার ১৩১ জন, যা দ্বাদশ নির্বাচনের তুলনায় উল্লেখযোগ্য হারে বেশি।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মাঠ পর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের মাধ্যমে ভোটকেন্দ্র চূড়ান্তকরণ, প্যানেল প্রস্তুত ও প্রশিক্ষণের কাজ দ্রুতগতিতে চলছে। নির্ধারিত সময়ের আগেই পুরো প্রস্তুতি সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে ইসির।


