তীব্র স্রোতে ভাঙন হুমকিতে পাটুরিয়া ফেরিঘাট

দেশজুড়ে
তীব্র স্রোতে ভাঙন হুমকিতে পাটুরিয়া ফেরিঘাট
নিউজ ডেস্ক
১৪ আগস্ট ২০২৫

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকায় পদ্মা নদীর পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের কারণে ভয়াবহ ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে ৫ নম্বর ফেরিঘাট ভাঙনের কবলে পড়ে সম্পূর্ণভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। বাকী আরও চারটি ফেরিঘাট রয়েছে সরাসরি হুমকির মুখে।

বুধবার (১৩ আগস্ট) রাতে ৫ নম্বর ফেরিঘাটে হঠাৎ ভাঙন দেখা দিলে তাৎক্ষণিকভাবে ঘাটটি বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। বর্তমানে শুধুমাত্র ২ ও ৩ নম্বর ঘাট দিয়ে সীমিত পরিসরে ফেরি চলাচল করছে।

সরেজমিনে দেখা গেছে, নদীতে পানি বৃদ্ধির ফলে পাটুরিয়া ঘাট এলাকায় বইছে প্রচণ্ড স্রোত। এতে ফেরিগুলোর স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। ঘাটে প্রায় ২০০টির বেশি গাড়ি—বিশেষ করে মালবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস—পারাপারের অপেক্ষায় দাঁড়িয়ে আছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, বর্তমানে ছোট ফেরিগুলোর চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। ১৪টি ফেরির মধ্যে কেবল ৮টি বড় ফেরি দিয়ে সীমিত আকারে যানবাহন পারাপার করা হচ্ছে।

বিআইডব্লিউটিএর নির্বাহী প্রকৌশলী নেপাল দেবনাথ জানান, “মাঝ নদীতে চর জাগার কারণে পানি এখন তীর ঘেঁষে বইছে, যার ফলে পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে ভাঙন শুরু হয়েছে। বালির বস্তা ও জিও ব্যাগ ফেলে তা ঠেকানোর চেষ্টা চললেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়ছে।”

বিআইডব্লিউটিসির উপ-মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) মো. আব্দুস সালাম জানান, “তীব্র স্রোতের কারণে শুধু বড় ফেরিগুলো চালু রাখা সম্ভব হচ্ছে। ছোট ফেরিগুলো নিরাপত্তার কারণে বন্ধ রয়েছে। ভাঙন রোধে কাজ চললেও সবগুলো ফেরিঘাট ঝুঁকির মধ্যে রয়েছে।”

পাটুরিয়া ঘাট পরিদর্শন শেষে মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন জানান, “ভাঙন ঠেকাতে কয়েকটি জায়গায় জিও ব্যাগ ফেলা হয়েছে। আমরা সার্বক্ষণিক নজরদারিতে রয়েছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”