যৌথবাহিনীর অভিযানে কোটি টাকা, মাদক ও অস্ত্র উদ্ধার — পালালেন বুনিয়া সোহেল

জাতীয়
যৌথবাহিনীর অভিযানে কোটি টাকা, মাদক ও অস্ত্র উদ্ধার — পালালেন বুনিয়া সোহেল
নিউজ ডেস্ক
১৫ আগস্ট ২০২৫

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে কুখ্যাত মাদক কারবারি ও সন্ত্রাসী বুনিয়া সোহেলের আস্তানায় অভিযান চালিয়েছে যৌথবাহিনী। সেনাবাহিনী ও পুলিশের সমন্বিত এই অভিযানে এক কোটি ১৩ লাখ টাকা নগদ অর্থ, বিপুল মাদকদ্রব্য, অস্ত্র ও বিস্ফোরক সামগ্রী উদ্ধার করা হয়েছে।

তবে অভিযানের সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বুনিয়া সোহেল পালিয়ে যায় বলে জানানো হয়েছে।

শুক্রবার রাত ৩টার দিকে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড ও পুলিশের একটি বিশেষ দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

উদ্ধারকৃত সামগ্রী:

  1. নগদ টাকা: ১,১৩,০০,০০০ টাকা

  2. গানপাউডার: ৪০০ গ্রাম

  3. তাজা ককটেল: ১৩টি

  4. আধা প্রস্তুত ককটেল: ২৫টি

  5. হেরোইন: ১২ প্যাকেট

  6. গাঁজা: ১১ কেজি

  7. অস্ত্র ও সরঞ্জাম: ২টি সামুরাই, ১২টি হকি স্টিক, ২৯টি হেলমেট, ২টি ড্রাগন লাইট

  8. একটি টাকা গোনার মেশিন

অভিযানের নেতৃত্বদানকারী সেনা কর্মকর্তারা জানান,

“বুনিয়া সোহেলের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়েই আমরা অভিযান শুরু করি। কিন্তু আমাদের দল পৌঁছানোর আগেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয় এবং সোহেল অন্ধকারে গা ঢাকা দেয়।”

অবস্থানের জটিলতা ও জেনেভা ক্যাম্পের সংকীর্ণ গলি-পথের কারণে তাৎক্ষণিকভাবে তাকে আটক করা সম্ভব হয়নি।

বুনিয়া সোহেলের বিরুদ্ধে হত্যা, বিস্ফোরক, মাদক ও চাঁদাবাজি সংক্রান্ত ৩৮টি মামলা রয়েছে।
তিনি এ বছরের শুরুতে গ্রেফতার হন, কিন্তু ছয় মাস কারাভোগের পর জামিনে মুক্তি পান। জামিনে বেরিয়ে ফের অপরাধ জগতে সক্রিয় হন।

দুইদিন আগেই তার সহযোগীরা এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে, যার পরপরই সেনাবাহিনী অভিযান চালিয়ে ১৩ জন সহযোগীকে গ্রেফতার করে।

উদ্ধারকৃত মালামাল মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে,

“বুনিয়া সোহেল ও তার পুরো চক্রকে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।”